জামাল হত্যা: অভিযোগপত্র প্রত্যাখ্যান পরিবারের
যশোরের শার্শার সাংবাদিক জামাল উদ্দিন হত্যার অভিযোগপত্রে মূল পরিকল্পনাকারীদের বাদ দেয়ার অভিযোগ করেছে নিহতের পরিবার।
অর্থের বিনিময়ে মূল আসামিদের নাম অভিযোগপত্র থেকে বাদ দেয়া হয় বলে দাবি করেন তিনি।
যশোরের সাংবাদিকরাও এ অভিযোগপত্র প্রত্যাখ্যান করে তদন্ত কর্মকর্তা পরিবর্তনের দাবি জানিয়েছেন।
গতবছর ১৫ জুন যশোর থেকে প্রকাশিত দৈনিক গ্রামের কাগজের সাংবাদিক জামাল উদ্দিন খুন হন। পরদিন নিহতের বাবা বাদী হয়ে সাতজনকে আসামি করে শার্শা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
গত ১৫ মে যশোর আদালতে মামলার অভিযোগপত্র জমা দেন তদন্ত কর্মকর্তা সিআইডি পরিদর্শক আমিনুর রহমান।
অর্থের বিনিময়ে মূল আসামিদের নাম অভিযোগপত্র থেকে বাদ দেয়ার অভিযোগ প্রত্যাখ্যান করে তদন্ত কর্মকর্তা আমিনুর বলেন, তদন্ত শেষে অভিযোগপত্র দেয়া হয়েছে। যাদের নাম অভিযোগপত্র থেকে বাদ দেয়া হয়েছে তাদের বিরুদ্ধে সত্যিকার অর্থে কোনো অভিযোগ প্রমাণিত হয়নি।
এজাহারভুক্ত সাত আসামির মধ্যে গ্রেপ্তার চারজন ও পলাতক একজনের নাম অভিযোগপত্রে অন্তর্ভুক্ত করা হয়েছে।
অভিযুক্তরা হলেন- শার্শার ট্যাংরালি গ্রামের আব্দুল লতিফের ছেলে জসিম (পলাতক), কাশিপুর গ্রামের শমসের মল্লিকের তিন ছেলে তোতা মল্লিক, রাজু মল্লিক, উকিল মল্লিক ও তোতা মল্লিকের স্ত্রী রেশমা বেগম লতা।
বাদ দেয়া হয়েছে এজাহারভুক্ত আসামি শার্শা উপজেলার ডিহি ইউনিয়ন পরিষদের ৬ নং ওয়ার্ডের সদস্য রমজান আলীর নাম।
এছাড়া মামলার প্রধান আসামি বজলুর রহমান সম্প্রতি মারা গেছেন।
ঘটনার সময় শার্শা থানার গোড়পাড়া পুলিশ ফাঁড়ির দায়িত্বে থাকা এএসআই মাসুদুর রহমান ও কনস্টেবল শহিদুল ইসলামের বিরুদ্ধে এ হত্যাকাণ্ডে সহযোগিতার অভিযোগ এলেও তাদের নাম অভিযোগপত্রে আসেনি।
বাদী আব্দুল আলিম বলেন, “সব পুলিশই এক। আমার ছেলেকে পুলিশের সহযোগিতায় চোরাচালানকারীরা হত্যা করেছে। আমি এর শেষ বিচার না দেখে এক পা ও পিছিয়ে আসব না।”
নিহত জামাল উদ্দিনের স্ত্রী সোনালি বেগমের অভিযোগ, আটক আসামিদের জবানবন্দিতে ১৩ জনের নাম এসেছিল। অভিযোগপত্রে ওই ১৩ জনসহ হত্যাকাণ্ডের পরিকল্পনাকারী ঘাট মালিক শরিফুল এবং এজাহারভুক্ত আসামি রমজান মেম্বারকে অব্যাহতি দেয়ার সুপারিশ করা হয়েছে।
“আমরা এই অভিযোগপত্র প্রত্যাখ্যান করছি,” বলেন সোনালি।
শার্শা প্রেসক্লাবের সভাপতি আসাদুজ্জামান আসাদ বলেন, “আমরা চাই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সকল রাঘব বোয়ালরা সাজা পাক। প্রয়োজনে সাংবাদিক সমাজ রাজপথে নামবে।”
শার্শার কাশিপুর বাজারে দুর্বৃত্তরা জামালকে কুপিয়ে হত্যা করে। হত্যার সময় তার চোখও উপড়ে ফেলা হয়। এ মামলার এজাহারভুক্ত চার আসামি গ্রেপ্তার আছেন।
