বিচারকদের বেতন সর্বোচ্চ ৪০ হাজার টাকা
সর্বোচ্চ ৪০ হাজার টাকা বেতন নির্ধারণ করে নিম্ন আদালতের বিচারক ও কর্মকর্তাদের জন্য নতুন বেতন কাঠামো ঘোষণা করেছে সরকার।
বিচার বিভাগীয় সদস্যদের বেতন-ভাতাসহ অন্যান্য সুযোগ সুবিধা বাড়ানের জন্য সর্বোচ্চ আদালত দফায় দফায় সময় বেঁধে দেয়ার পর অর্থ মন্ত্রণালয় রোববার এ বিষয়ে আদেশ জারি করল।
এতে বলা হয়, বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের বেতন (স্কেল)কাঠামো পুনর্নির্ধারণের এই সিদ্ধান্ত ২০০৯ সালের পহেলা জুলাই থেকে কার্যকর হবে।
সে অনুযায়ী ২০১৩ সালের ৮ মের আগ পর্যন্ত বকেয়া টাকা ‘এরিয়ার’ হিসাবে পাবেন নিম্ন আদালতের বিচারক ও কর্মকর্তারা। তবে ওই সময়ের বেতন বাদে অন্যান্য সুযোগ সুবিধা এক্ষেত্রে প্রযোজ্য হবে না।
২০০৯ সালের পহেলা জুলাই সরকার সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য যে বেতন কাঠামো ঘোষণা করেছিল তা সংশোধন করেই বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের এই বেতন কাঠামো নির্ধারণ করেছে সরকার।
এতে মোট ছয়টি ধাপের সর্বোচ্চ ধাপে মোট বেতন ৩৫ হাজার ৬০০ টাকা (২৯০০০-১০০X৬-৩৫৬০০) থেকে বেড়ে ৩৯ হাজার ৬০০ টাকা (৩৬০০-১২০০X৩-৩৯৬০০) হয়েছে।
দ্বিতীয় ধাপে ৩৩ হাজার ৭৫০ টাকা থেকে বেড়ে ৩৭ হাজার ৭৫০ টাকা হয়েছে।
তৃতীয় ধাপে ৩১ হাজার ২৫০ টাকা থেকে বেড়ে ৩৭ হাজার; চতুর্থ ধাপে ২৯ হাজার ৭০০ থেকে বেড়ে ৩৪ হাজার ২০০ এবং পঞ্চম ধাপে ২৬ হাজার ২০০ টাকা থেকে বেড়ে ২৯ হাজার ২০০ টাকা হয়েছে।
আর শেষ ধাপে মোট বেতন ২০ হাজার ৩৭০ টাকা থেকে বেড়ে ২৫ হাজার ৬০০ টাকা হয়েছে।
নির্ধারিত স্কেলের বাইরে সব পর্যায়ের কর্মকর্তারা প্রতি বছর পোশাক ভাতা পাবেন পাঁচ হাজার টাকা করে। এছাড়া তাদের আট হাজার টাকা করে আপ্যায়ন ভাতা দেয়া হবে। এছাড়া সবার জন্য মাসিক এক হাজার ২০০ টাকা করে চিকিৎসা ভাতা প্রযোজ্য হবে।
১৯৯৯ সালের ২ ডিসেম্বর মাসদার হোসেন মামলার রায়ে সুপ্রিম কোর্ট বিসিএস (বিচার) ক্যাডারকে সংবিধান পরিপন্থী ও বাতিল ঘোষণা করে। একইসঙ্গে জুডিশিয়াল সার্ভিসকে স্বতন্ত্র সার্ভিস ঘোষণা করতে বলা হয়।
রায়ে বলা হয়, জুডিশিয়াল পে-কমিশন বিচার বিভাগীয় সদস্যদের বেতন-ভাতাসহ অন্যান্য সুবিধা বাড়ানোর বিষয়ে যতদিন পর্যন্ত রাষ্ট্রপতির কাছে প্রথম সুপারিশ না করবে, ততদিন পর্যন্ত বর্তমান বেতন কাঠামো অনুযায়ী তারা সব সুযোগ-সুবিধা ভোগ করবেন। তবে এর মধ্যে অন্যদের বেতন বাড়লে বিচারকদের বেতনও বাড়বে।
ওই রায়ের আলোকে গঠিত বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পে কমিশন ২০০৮ সালের ৩ এপ্রিল নিম্ন আদালতের বিচারক ও বিচার বিভাগীয় কর্মকর্তাদের মূল বেতনের সমপরিমাণ বিচারিক ভাতাসহ অন্যান্য ভাতা বৃদ্ধির সুপারিশ চূড়ান্ত করে, যা ওই মাসেই সরকারের কাছে পাঠানো হয়।
সরকার এই সুপারিশ বাস্তবায়ন না করায় ২০০৯ সালে উচ্চ আদালত হস্তক্ষেপ করে। তবে পরে সুপারিশ বাস্তবায়নের জন্য অনেকবার সময়ও দেয় আদালত।
গত নভেম্বরে রাষ্ট্রপক্ষ আদালতে জানায়, সরকার আরো ২০ শতাংশ বেতন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।
এর আগে শতকরা আরো ৩০ শতাংশ বাড়ানো হয়েছিল। এরপর সরকার একটি প্রস্তাব দেয়, যার কিছুটা পরিবর্তন করে বাস্তবায়ন করতে বলে আদালত।
কিন্তু বার বার সময় নিয়েও নিম্ন আদালতের বিচারকদের বেতন-ভাতা বাড়ানোর আদেশ বাস্তবায়ন না হওয়ায় আদালত পুনরায় বিষয়টি বিবেচনায় নেয়।
প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বে আপিল বিভাগের ১০ বিচারকের বেঞ্চ সর্বশেষ গত ১৬মে এক আদেশে ৩ জুনের মধ্যে নিম্ন আদালতের বিচারকদের বেতন-ভাতা বাড়াতে সরকারকে নির্দেশ দেয়।
