২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জোড়া খুন: মিলন গ্রেপ্তার

রাজধানীর শেওড়াপাড়ার একটি মেসে জোড়া খুনের ঘটনার ওই বাসার আরেক বাসিন্দা মিলনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jun 2013, 08:44 AM

Updated : 23 Aug 2022, 10:53 AM

র‌্যাবের গোয়েন্দা বিভাগের প্রধান জিয়াউল আহসান রোববার দুপুরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শনিবার রাতে টঙ্গী থেকে মিলনকে গ্রেপ্তার করা হয়।

“প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে। ওই ঘটনায় মোট তিনজন জড়িত ছিল বলে মিলন জানিয়েছে।”

শুক্রবার দুপুরে শেওড়াপাড়ার শামীম সরণীতে ওই মেস থেকে বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা খায়রুল বাশার হাওলাদার (২৮) ও বেসরকারি গ্রিন বিশ্ববিদ্যালয়ের এমবিএর ছাত্র আনহারুল ইসলাম রাজিবের (২৮) লাশ উদ্ধার করে পুলিশ। তাদের মাথায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া যায়।

খায়রুলের চাচা মোস্তফা কামাল মামুন শুক্রবার রাতেই শেরে বাংলা নগর থানায় অজ্ঞাত পরিচয় আসামিদের বিরুদ্ধে একটি মামলা করেন।

ঘটনার পরপরই ওই মেসের দুই সদস্য ফারুক, করিম এবং গৃহপরিচারিকা বকুলকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে পুলিশ। বকুলের দেয়া তথ্যের ভিত্তিতেই মিলনকে খোঁজা হচ্ছিল।

হত্যাকাণ্ডের পর থেকেই মিলন নিখোঁজ ছিলেন বলে পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন।

পুরনো খবর:

মেসের আরেক বাসিন্দাকে খুঁজছে পুলিশ