জয়পুরহাটে এক ব্যক্তিকে কুপিয়েছে দুর্বৃত্তরা
হামলার মামলা করায় জয়পুরহাটে এক আওয়ামী লীগ সমর্থককে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে।
আহত সুনীল কুমার (৬০) কাঁশরা-গোবিন্দপুর গ্রামের বাসিন্দা। তাকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জামায়াত-শিবির কর্মীরা সুনীল কুমারের উপর হামলা করেছে দাবি করেন তার বড় ছেলে অরুণ কুমার।
তবে জামায়াত এ অভিযোগ অস্বীকার করেছে।
অরুণ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা আওয়ামী লীগের সমর্থক। গত ১ মার্চ জামায়াত-শিবির ও বিএনপিরকর্মীরা আমাদের বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাট করে। এর পরিপ্রেক্ষিতে পাঁচবিবি থানায় তাদের বিরুদ্ধে আমি বাদী হয়ে একটি মামলা করি।
“ওই মামলায় তিনজনকে গ্রেপ্তারও করেছে পুলিশ। মামলা তুলে নেয়ার জন্য আসামিরা আমাদের হুমকি দিয়ে আসছিল।”
তিনি বলেন, এর জেরে শনিবার রাতে বাজার থেকে ফেরার সময় ওরা তার বাবাকে লাঠি দিয়ে বেদম মারধর করে এবং ধারালো অস্ত্র দিয়ে কোপায়।
ওসি নুর হোসেন বলেন, আগের মামলায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে সুনীল কুমারকে কারা কুপিয়েছে সে বিষয়ে পুলিশ এখনো নিশ্চিত নয়। এখনো কেউ লিখিত অভিযোগ করেনি।
তবে পুলিশ তদন্ত শুরু করেছে। প্রাথমিক প্রমাণ পেলেই দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে, বলেন ওসি।
এ ব্যাপারে পাঁচবিবি উপজেলা জামায়াতের সেক্রেটারি মোস্তাফিজুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তাদের দলের নেতাকর্মীদের সঙ্গে এ হামলার কোনো সম্পর্ক নেই।
তিনি ওই পরিবারের লোকজনকে বিভিন্ন ব্যাপারে সহায়তা করেছেন বলেও দাবি করেন।
জেলা ১৮ দলের আহ্বায়ক ও বিএনপি সভাপতি মোজাহারুল হক প্রধান বলেন, এ ঘটনায় ১৮ দলীয় জোটের কেউ জড়িত নয়।
তবে, গত কয়েকমাস ধরে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলার সুযোগ নিয়ে মামলায় বহু নিরীহ সাধারণ মানুষকে জড়ানো হয়। এ ধরনের একটি মামলার বাদী হলেন সুনীল কুমার। এমন কোনো মামলার শিকার কেউ এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে বলে তিনি ধারণা করছেন।
