২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে শ্রমজীবীদের টানতে মাঠে দুই প্রার্থী

শ্রমজীবীদের সমর্থন আদায়ে জোর প্রচারণা ও গণসংযোগ চালাচেছন সিলেট সিটি করপোরেশন নির্বাচনে দুই মেয়র পদপ্রার্থী। নির্বাচনে জয়-পরাজয়ে বড় ভূমিকা রাখেন এই ভোটাররা।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jun 2013, 03:07 PM

Updated : 23 Aug 2022, 10:53 AM

শনিবার প্রধান প্রতিদ্বন্দ্বী বদর উদ্দিন আহমদ কামরান ও আরিফুল হক চৌধুরী ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে সঙ্গে কুশল বিনিময় করেন এবং ভোট চান।

সকাল থেকে গভীর রাত পর্যন্ত তাদের গণসংযোগ চলে প্রতিদিন।

সিলেট পৌরসভা সিটি কর্পোরেশনে উন্নীত হওয়ার পর দুইবার নির্বাচন হয়েছে। দুই নির্বাচনেই এ শ্রমজীবীদের অধিকাংশ ভোট পেয়েছিলেন কামরান। দুবারই বিপুল ভোটের ব্যবধানে তিনি মেয়র নির্বাচিত হন।  

এবার শ্রমজীবীদের এই ভোটে ভাগ বসাতে মাঠে নেমেছেন ১৮ দলীয় জোট সমর্থিত প্রার্থী আরিফুল হক চৌধুরী। ভোটারদের তিনি শোনাচ্ছেন পরিবর্তনের কথা।

অন্যদিকে কামরান এই ভোটারদের ধরে রাখতে দিচ্ছেন উন্নয়নের প্রতিশ্রুতি।

শনিবার দক্ষিণ সুরমার টেকনিক্যাল রোড, সাধুরবাজার ও খোজারখলায় গণসংযোগ করেন সদ্য পদত্যাগকারী মেয়র কামরান।

তিনি বলেন, “স্বচ্ছভাবে সব কাযর্ক্রম পরিচালনা করেছি। কখনোই দুর্নীতিকে প্রশ্রয় দেইনি। অতীতে সিলেট সিটি কর্পোরেশনে অনেক বড় বড় প্রকল্প বাস্তবায়িত হয়েছে, এসব প্রকল্পের টেন্ডারে দুর্নীতি হয়েছে- এমন কথা কেউ বলতে পারবেন না।”

এদিকে আরিফুল হক চৌধুরী নগরীর জিন্দাবাজার, লালবাজার, পুলিশ লাইন, শাহী ঈদগাহ, কাষ্টঘর, মেন্দিবাগ ও ওসমানী মেডিকেল কলেজ এলাকায় গণসংযোগ ও মতবিনিময় সভা করেন।

এ সময় তিনি বলেন, বিগত দিনে সিলেট নগরীতে দৃশ্যমান কোনো উন্নয়ন হয়নি। বরং উন্নয়নের নামে লুটপাট হয়েছে। যানজট, জলাবদ্ধতা, পানি সংকট আগের চেয়ে বেড়েছে অনেকগুণ।

তিনি ভোটরদের উন্নয়ন ও শান্তিশৃঙ্খলা প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দেন।