২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাগেরহাটে পানিবন্দি মানুষ, ভেসে গেছে চিংড়ি

অস্বাভাবিক জোয়ার ও টানা বৃষ্টির পানিতে বাগেরহাটের কয়েকটি উপজেলার নিচু এলাকার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে।

অলীপ ঘটক

বাগেরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 May 2013, 11:08 AM

Updated : 23 Aug 2022, 10:52 AM

এসব এলাকার চিংড়ি চাষিরা তাদের বেশকিছু ঘের ভেসে গেছে বলে জানিয়েছেন।

টানা বর্ষণের ফলে জেলার শরণখোলা, মোড়েলগঞ্জ, মংলা, রামপাল ও সদর উপজেলার প্রায় তিনশ হেক্টর জমির আউশ ধানের বীজতলা তলিয়ে গেছে বলে জানিয়েছে কৃষি বিভাগ।

বাগেরহাট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. খলিলুর রহমান বলেন, ভৈরব নদে স্বাভাবিক জোয়ারে চেয়ে তিন ফুট পর্যন্ত পানি বৃদ্ধি পাচ্ছে। জোয়ারের পানি বেড়িবাঁধের ৩৫/৩ পোল্ডার দিয়ে উপচে সদর উপজেলার রাধাবল্লভ গ্রামে প্রবেশ করায় সেখানকার কিছু ঘরবাড়ি ও মাছের ঘের প্লাবিত হয়েছে।

বেড়িবাঁধ উঁচু করার জন্য ইতোমধ্যে ওই এলাকার প্রায় এক কিলোমিটার অংশে নতুন মাটি ফেলা শুরু হয়েছে বলে জানান পাউবোর এ প্রকৌশলী।  

শুক্রবার সকালে কাড়াপাড়া ইউনিয়নের রাধাবল্লভ গ্রামে গিয়ে দেখা যায়, এখানের শতশত পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। ঘর থেকে মানুষজন বের হতে পারছেন না। রান্নার চুলায় পানি উঠে যাওয়ায় রান্না করা যাচ্ছে না।

গ্রামের বিল্লাল হোসেন জানান, পোল্ডারের ভেতরে তার পাঁচ বিঘার একটি চিংড়ি ঘের আছে। বৃহষ্পতিবার বিকেলের অস্বাভাবিক জোয়ারের পানি বেড়িবাঁধ উপচে অন্তত দুই শতাধিক চিংড়ি ঘের ভেসে গেছে।

৩৫/৩ পোল্ডারের বাঁধ অন্তত দুই কিলোমিটার উঁচু করার দাবি জানিয়েছেন এ চিংড়ি চাষি।

গত চার দিনের টানা বর্ষণে গ্রামের কুলসুম বেগমের বসত ঘর ও বাগান পানিতে তলিয়ে গেছে।

একই অবস্থা জরিনা বেগমের। তার বাড়ির উঠানে হাঁটু পানি জমে রয়েছে। ছেলেমেয়েরা পানির মধ্যে নামতে পারছে না।

কাড়াপাড়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের সদস্য উত্তম দাস বলেন, তার ওয়ার্ডের রাধাবল্লভ ও পুঁটিমারী গ্রামের কয়েকশ পরিবার পানিবন্দি হয়ে পড়েছে।

জেলা মৎস্য কর্মকর্তা নারায়ণ চন্দ্র মণ্ডল জানান, অবিরাম বর্ষণে ঘেরগুলোতে পানি থৈ থৈ করছে। রাধাবল্লভ গ্রামের কিছু চিংড়ি ঘের ভেসে গেছে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক হীরেন্দ্রনাথ হাওলাদার জানান, কচুয়া, মোড়েলগঞ্জ, শরণখোলা ও বাগেরহাট সদর উপজেলার প্রায় তিনশ হেক্টর জমির আউশ ধানের বীজতলা বৃষ্টি ও জোয়ারের পানিতে নিমজ্জিত হয়েছে।