২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাতিসংঘ দূতকে ব্যাখ্যা দিতে হবে: শফী

তের দফা নিয়ে জাতিসংঘের নারী নির্যাতন প্রতিরোধবিষয়ক বিশেষ প্রতিনিধি রাশিদা মানজু’র বক্তব্য নাকচ করে তার কাছে ব্যাখ্যা চেয়েছে হেফাজতে ইসলাম।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 May 2013, 04:19 PM

Updated : 23 Aug 2022, 10:52 AM

Image
ফাইল ছবি

ফাইল ছবি

বৃহস্পতিবার এক সংবাদ বিবৃতিতে সংগঠনের আমির শাহ আহমদ শফী বলেন, “হেফাজতের উত্থাপিত ১৩ দফা দাবির কোন অংশে নারীর অধিকার ও স্বার্থবিরোধী বক্তব্য রয়েছে তা রাশিদা মানজুকে ব্যাখ্যা দিয়ে বলতে হবে।”

এর আগে বুধবার নারীর অধিকার নিয়ে হেফাজতে ইসলামের দাবি বাংলাদেশের ‘সংবিধানসম্মত’ নয় বলে মন্তব্য করে রাশিদা মানজু বলেন, হেফাজতের ওই ১৩ দফা দাবির বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার বিষয়ে ‘সরকারকেই’ দায়িত্ব নিতে হবে।

জাতিসংঘ দূত হেফাজতের ১৩ দফা সম্পর্কে ভালভাবে না জেনে এমন মন্তব্য করে থাকতে পারেন বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

“অথবা হেফাজতের দাবির ব্যাপারে তাকে অন্য কেউ ভুল বুঝিয়েছে।”

গত ৫ এপ্রিল রাজধানীর মতিঝিলে এক সমাবেশের মাধ্যমে মাদ্রাসাভিত্তিক সংগঠন হেফাজতে ইসলাম ১৩ দফা দাবি জানায়, যার একটিতে বলা হয়- ব্যক্তি ও বাকস্বাধীনতার নামে সব বেহায়াপনা, অনাচার, ব্যাভিচার, প্রকাশ্যে নারী-পুরুষের অবাধ বিচরণ, মোমবাতি প্রজ্বালনসহ সব বিজাতীয় সংস্কৃতির অনুপ্রবেশ বন্ধ করতে হবে।

নারীবিহীন ওই সমাবেশে নারী উন্নয়ন নীতি বাতিলের দাবিও জানানো হয়। নারীদের নিয়ে তাদের মনোভাবের প্রকাশ ঘটে নারী সাংবাদিকদের ওপর হামলার মধ্য দিয়ে। 

আহমদ শফী বিবৃতিতে জাতিসংঘ প্রতিনিধিকে প্রতিটি দেশের ‘অভ্যন্তরীণ সংস্কৃতি, ধর্মীয় রীতি ও জাতীয় আবেগ ও মনোভাবকে’ সম্মান দেখিয়ে বক্তব্য রাখার আহ্বান জানান।

তিনি বলেন, এদেশের ৯০ ভাগ অধিবাসী মুসলমান। মুসলমানরা তাদের ধর্মীয় রীতিনীতি ও নির্দেশনাকে সর্বাধিক গুরুত্ব দিয়ে থাকে। জাতিসংঘ প্রতিনিধির কাছে জাতি কর্তৃত্বময় কথা নয়, অতিথিসূলভ আচরণই আশা করে। কারণ তাঁর মনে রাখা উচিত, বাংলাদেশ একটি স্বাধীন দেশ, কারো অঙ্গরাজ্য নয়।

পুরনো খবর:

‘১৩ দফার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে সরকারকেই’