২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হেফাজতে শামীমের মৃত্যু: ওসির শাস্তির সুপারিশ

নারায়ণগঞ্জে পুলিশের হেফাজতে শামীম রেজার মৃত্যুর ঘটনায় সোনারগাঁও থানার ওসি আতিকুর রহমানের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়ার সুপারিশ করেছে তদন্ত কমিটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 May 2013, 01:12 PM

Updated : 23 Aug 2022, 10:52 AM

‘প্রশাসনিক অদক্ষতা ও দায়িত্বে শৈথিল্য’ দেখানোর অভিযোগে জেলা পুলিশের তিন সদস্যের তদন্ত কমিটি তার বিরুদ্ধে এ সুপারিশ করেছে।

তদন্ত কমিটির প্রধান অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) এস এম আশরাফুজ্জামান গত মঙ্গলবার নারায়ণগঞ্জের জেলা পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলামের কাছে এই প্রতিবেদন দেন।

পুলিশ হেফাজতে শামীম রেজার মৃত্যুর বিষয়টি প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় প্রতিবেদনে সোনারগাঁওয়ের পরিদর্শক (তদন্ত) অরূপ তরফদার ও এসআই পল্টু ঘোষকে প্রত্যাহার এবং এএসপি (বি সার্কেল) উত্তম প্রসাদকে বদলির সুপারিশ করা হয়েছে।

অবশ্য এর আগেই পুলিশ সদর দপ্তরের তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে ওই তিনজনের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে কর্তৃপক্ষ।

গত ২৬ মে পুলিশের অতিরিক্ত ডিআইজি (অপরাধ) গোলাম ফারুকের নেতৃত্বে গঠিত তিন সদস্যের তদন্ত কমিটির প্রতিবেদনে তাৎক্ষণিকভাবে ঢাকা রেঞ্জের ডিআইজি মো. নুরুজ্জামানকে প্রত্যাহার করাসহ ওই তিনজনের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার সুপারিশ করেন।

একইসঙ্গে মামলাটি জেলা গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তরেরও নির্দেশ দেন তদন্ত কমিটির প্রধান।

জেলা পুলিশের তদন্ত কমিটির অন্য সদস্যরা হলেন- সহকারী পুলিশ সুপার (সদর) ধীরেন্দ্র চন্দ্র মহাপাত্র ও আদালত পুলিশের পরিদর্শক মো. আসাদুজ্জামান।

এই কমিটির প্রতিবেদনে বলা হয়েছে, চাঞ্চল্যকর ৪ খুনের ঘটনায় আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেয়ার সময় শামীমকে পুলিশের মারধর ও আহত করার বিষয়ে বিচারককে কিছু বলেননি তিনি। তবে বিচারক তার হাতে হাতকড়ার দাগ দেখেছিলেন বলে জানিয়েছেন।

গত ১৪ মে শামীমকে গ্রেপ্তার করে ২০ মে পর্যন্ত ছয়দিন আটক রাখার বিষয়টি প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এছাড়া শামীমের স্ত্রী দেখা করতে চাইলে ওসি তার সঙ্গে দুর্ব্যবহার করেন এবং তাকে ভয়ভীতি দেখান বলে প্রমাণ পেয়েছে তদন্ত কমিটি।

জেলার পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তদন্ত কমিটি মামলার তদন্তের স্বার্থে ও নিহতের পরিবারের ন্যায়বিচার নিশ্চিত করার জন্য অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার সুপারিশ করেছে।

“একই সঙ্গে প্রশাসনিক অদক্ষতা ও দায়িত্বে শৈথিল্য প্রদর্শনের জন্য সোনারগাঁও থানার ওসি আতিকুর রহমানের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়েছে।”

তদন্তের সময় জেলা পুলিশের কমিটি শামীমের বাবা আলাউদ্দিন, বড় ভাই ইকবাল হোসেন, চাচা মহিউদ্দিন, মা আনোয়ার বেগম, স্ত্রী সাবিকুননাহার তুলি, ভাগ্নে শাহানুর, ফুফাতো ভাই শাহীনসহ ১৩ জনের সাক্ষ্য নেয়।

এছাড়া সহকারী পুলিশ সুপার (বি সার্কেল) উত্তম প্রসাদ পাঠক, থানার ওসি আতিকুর রহমান, অভিযুক্ত থানার পরিদর্শক অরূপ তরফদার, এস আই পল্টু ঘোষসহ থানার আটজন এএসআই ও ২১ জন কনস্টেবলের সঙ্গে কথা বলে তদন্ত কমিটি।

নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর চার খুনের মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে গত ১৪ মে প্রতাপেরচর গ্রামের আলাউদ্দিনের ছেলে শামীম রেজাকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। এর ছয় দিন পর ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

শামীমের স্ত্রী সে সময় অভিযোগ করেন, দাবি অনুযায়ী টাকা না দেয়ায় পুলিশ তার স্বামীকে নির্যাতন করে মেরে ফেলেছে।

থানা পুলিশ অভিযোগ অস্বীকার করলেও ওইদিনই তিন সদস্যের এই তদন্ত কমিটি করা হয়।

গত ১৯ এপ্রিল রাতে পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলামের বাড়িকে ঢুকে দুর্বৃত্তরা তার দ্বিতীয় স্ত্রী শামীমা ইসলাম সুমা, শ্যালক কুতুবদ্দিন রানা ও দুই গৃহকর্মী রেখা ও মনিকে গলা কেটে নির্মমভাবে হত্যা করে।

নারায়ণগঞ্জ পুলিশের দাবি, শামীম ১৬৪ ধারার জবানবন্দিতে এ ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছিলেন।