২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শাহবাগের জাগরণ সমাবেশও স্থগিত

ময়মনসিংহের পর শাহবাগে শুক্রবারের মহা সমাবেশও স্থগিত করেছে গণজাগরণ মঞ্চ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 May 2013, 10:46 AM

Updated : 23 Aug 2022, 10:52 AM

যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তি ও জামায়াতে ইসলামীকে নিষিদ্ধের দাবিতে আন্দোলন চালিয়ে আসা এ মঞ্চের অন্যতম সংগঠক ব্লগার মারুফ রসুল জানিয়েছেন, জেলা পর্যায়ের গণসংযোগ শেষ করে তারা মহাসমাবেশ করবেন।  

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “মহাসমাবেশ সফল করতে দেশের বিভিন্ন জেলা শহরে গণসংযোগ করছেন মঞ্চের কর্মীরা। জেলা ট্যুর শেষ হলে মহাসমাবেশের নতুন তারিখ ঘোষণা করা হবে।”

ইতোমধ্যে বৃহত্তর ময়মনসিংহ ও বৃহত্তর রাজশাহীতে জাগরণ মঞ্চের গণসংযোগ শেষ হয়েছে বলে জানান তিনি।

“বর্তমানে খুলনা বিভাগের ১০ জেলায় মঞ্চের প্রতিনিধিরা গণসংযোগ চালাচ্ছেন।”

একাত্তরের মানবতাবিরোধী অপরাধের জন্য জামায়াত নেতা কাদের মোল্লার যাবজ্জীবন সাজার রায় প্রত্যাখ্যান করে গত ৫ ফেব্রুয়ারি থেকে শাহবাগে অবস্থান নিয়ে এ আন্দোলনের শুরু করেন তরুণ-যুবারা। এরপর তা ছড়িয়ে যায় সারা দেশে।

২১ ফেব্রুয়ারির পরে শাহবাগে অবস্থান শেষ হলে সারা দেশের প্রতিনিধিদের প্রস্তাবের ভিত্তিতে গত ৩ মে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করে গণজাগরণ মঞ্চ, যার মধ্যে গাজীপুর, ময়মনসিংহ ও ঢাকায় মহা সমাবেশের কর্মসূচিও রয়েছে।

সে অনুযায়ী, গাজীপুরে মহা সমাবেশ হলেও সভা ও সমাবেশের ওপর এক মাস নিষেধাজ্ঞার খবরে ২০ মে ময়মনসিংহের মহা সমাবেশ স্থগিত করা হয়।