২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রশ্ন ফাঁসকারী শিক্ষকের দুই বছরের দণ্ড

এইচএসসির একটি বিষয়ের পরীক্ষা শুরুর আগে প্রশ্নপত্র পরীক্ষার্থী মেয়েকে জানিয়ে দেয়ার দায়ে চট্টগ্রামের একটি কলেজের অধ্যক্ষকে দুই বছরের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 May 2013, 10:22 AM

Updated : 25 Apr 2022, 06:48 PM

বৃহস্পতিবার দুপুরে হাটহাজারীর ফতেয়াবাদ কলেজের অধ্যক্ষ মো. ইদ্রিসকে এ শাস্তি দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইশরাত জাহান পান্না।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ১৯৮০ সালের পাবলিক পরীক্ষা অপরাধ আইনে অধ্যক্ষ ইদ্রিসকে দুই বছরের কারাদণ্ড দেয়া হয়েছে।

এর আগে সকালে গণিত পরীক্ষা শুরুর সোয়া ঘণ্টা আগে প্রশ্ন পেয়ে মোবাইলে তা নিজের মেয়েকে জানিয়ে দেয়ার সময় ওই অধ্যক্ষকে  হাতেনাতে আটক করেন ইউএনও পান্না।

অধ্যক্ষ ইদ্রিস পরীক্ষায় তার কলেজ কেন্দ্রসচিবের দায়িত্ব পালন করছিলেন। আর তার মেয়ে একই বোর্ডের অধীনে আরেক কেন্দ্রে পরীক্ষা দিচ্ছেন।

কলেজের বাথরুম থেকে মোবাইল ফোনে মেয়েকে প্রশ্নপত্র জানিয়ে দেয়ার সময় অধ্যক্ষকে হাতেনাতে আটক করা হয়। এর আগেও বিভিন্ন পরীক্ষায় তিনি একই কাজ করেছেন বলে জানান ইউএনও।

ইউএনও ইশরাত জাহান পান্না বলেন, মেয়ে একই বোর্ডের অধীনে পরীক্ষার্থী- এ বিষটি গোপন করে অধ্যক্ষ ইদ্রিস তার কলেজ পরীক্ষা কেন্দ্রের সচিব হন।

আটকের পরই ফতেয়াবাদ কলেজ কেন্দ্রের সচিবের দায়িত্ব থেকে ওই অধ্যক্ষকে অপসারণ করা হয় বলে জানান তিনি।