২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে তিন ডাকাতকে পিটুনি

সিরাজগঞ্জ সদর উপজেলায় তিন ডাকাতকে পিটুনি দিয়ে পুলিশে দিয়েছে স্থানীয়রা।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 May 2013, 07:15 AM

Updated : 23 Aug 2022, 10:52 AM

পুলিশ জানায়, বুধবার গভীর রাতে উপজেলার সয়দাবাদ ইউনিয়নের পূর্ব বাঐতারা গ্রামের তাঁতী সানোয়ার হোসেনের বাড়িতে এ ঘটনা ঘটে।

আটককৃতরা হলেন, উপজেলার চরমাইঝাইল গ্রামের আবু সিদ্দিকের ছেলে গোলাম নবী (২৫), মোহনপুরের রহম আলীর ছেলে বাবু (২৬) ও সারটিয়ার আব্দুর রহমানের ছেলে টিক্কা (২৮)।

এ সময় ডাকাতদের ছুরিকাঘাতে দুইজন আহত হয়েছে।

আহতদের সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়দের বরাত দিয়ে সদর থানার উপ পরির্দশক আনিছুর রহমান জানান, রাত আড়াইটার দিকে সানোয়ারের বাড়িতে ডাকাত হানা দিয়ে নগদ অর্থ, স্বর্ণালংকার, সুতা ও কাপড় লুট করে।

বাধা দিতে গেলে পরিবারের লোকদের ছুরিকাঘাত ও মারধর করে।  এ সময় তাদের চিৎকারে আসেপাশের লোকজন এগিয়ে আসে।

ডাকাতরা পালানোর সময় স্থানীয়রা তিনজনকে ধরে পিটুনি দেয়।

পিটুনিতে আহত বাবু ও টিক্কাকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আটকদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলেও জানান উপ পরিদর্শক আনিছুর।