২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চিকিৎসার জন্য ব্যাংকক গেলেন শওকত মাহমুদ

গুরুতর অসুস্থ সাংবাদিক নেতা শওকত মাহমুদকে চিকিৎসার জন্য ব্যাংককে পাঠানো হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 May 2013, 03:41 PM

Updated : 23 Aug 2022, 10:51 AM

ফেডারেল সাংবাদিক ইউনিয়নের বিএনপিপন্থী অংশের সভাপতি রুহুল আমিন গাজী জানান, মঙ্গলবার রাত দেড়টার দিকে একটি এয়ার অ্যাম্বুলেন্সে করে শওকত মাহমুদকে থাইল্যান্ড নিয়ে যাওয়া হয়। তার বোন রেহনুমা আজিজ ও সানোয়ারা নামের এক আত্মীয় তার সঙ্গে রয়েছেন।

রুহুল আমিন গাজী বিমান বন্দরে তাদের বিদায় জানান। তিনি শওকত মাহমুদের জন্য সাংবাদিকসহ দেশবাসীর দোয়া চেয়েছেন।

বিএফইউজের একাংশের মহাসচিব শওকত মাহমুদ হৃদরোগ ও লিভারের জটিলতা নিয়ে ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সেখানকার মেডিকেল বোর্ডের পরামর্শ অনুযায়ী তাকে ব্যাংক জেনারেল হাসপাতালে পাঠানো হয় বলে রুহুল আমীন গাজী জানান।

গত বৃহস্পতিবার অসুস্থ হয়ে পড়লে জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি শওকতকে গুলশানে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার বিকালে তার অবস্থার দ্রুত অবনতি ঘটলে লাইফ সাপোর্ট দেয়া হয়। এক পর্যায়ে তাকে কৃত্রিম শ্বাস-প্রশ্বাসও দিতে হয়।

তিনি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টামণ্ডলীর সদস্য। খালেদা জিয়া সোমবার রাতে শওকত মাহমুদকে দেখতে হাসপাতালেও যান।

ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকা, ঢাকা মহানগর বিএনপির সদস্য সচিব আবদুস সালাম, লেখক ফরহাদ মজহার, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবদুস শহীদ, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি কামাল উদ্দিন সবুজ ও সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমেদসহ সহকর্মীরা মঙ্গলবার শওকত মাহমুদকে দেখতে হাসপাতালে যান।

শওকত মাহমুদের আরোগ্য কামনায় মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে মিলাদ হয়। সাংবাদিক ও প্রেস ক্লাবের কর্মচারীরা এতে অংশ নেন।

দুই দফায় এই প্রতিষ্ঠানটির সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন শওকত মাহমুদ।