২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হরতালে অগ্নিসংযোগ, ভাংচুর, বোমা বিস্ফোরণ

তারেক রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার প্রতিবাদে ডাকা হরতালে বিভিন্ন জেলায় গাড়িতে অগ্নিসংযোগ, ভাংচুর ও হাতবোমার বিস্ফোরণ হয়েছে।

জেলা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 May 2013, 03:28 AM

Updated : 23 Aug 2022, 10:51 AM

দশটি জেলায় স্থানীয় বিএনপি মঙ্গলবার এ হরতাল ডেকেছে। এরমধ্যে ফরিদপুরে বুধবারও হরতাল রয়েছে।  

জেলাগুলো হচ্ছে- ফেনী, ফরিদপুর, কিশোরগঞ্জ, জয়পুরহাট, মাদারীপুর, টাঙ্গাইল, রাজবাড়ী, জয়পুরহাট, নরসিংদী ও কুমিল্লা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমমের ফেনী প্রতিনিধি জানান, হরতালের সকালে ফেনীতে বেশ কয়েকটি গাড়ি ভাংচুর হয়েছে।

মঙ্গলবার ভোর ৫টার দিকে এই ভাংচুরের পর গাড়ি চলাচল সাময়িক বন্ধ হয়ে যাওয়ায় মহীপালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজটের সৃষ্টি হয়।

সকালে হরতালকারীরা মহীপালে মহাসড়কে অন্তত ১০টি গাড়ি ভাংচুর করে।

হরতালের মধ্যে ফেনীতে যান চলাচল করছে। দোকান-পাটও খোলা রয়েছে।

জয়পুরহাট প্রতিনিধি জানিয়েছেন, আধাবেলা হরতালের শুরুতে শহরের প্রধান সড়কে মিছিল ও বিভিন্ন রাস্তার মোড়ে বিএনপি নেতা-কর্মীদের পিকেটিং করছে।

জয়পুরহাটে সকালে দূরপাল্লার কোনো বাস চলাচল না করলেও শহরে ছোট ছোট যানবাহন চলছে। অধিকাংশ দোকান পাট ও ব্যাবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে।

মাদারীপুর প্রতিনিধি জানান, বিক্ষোভ মিছিল এবং বিভিন্ন সড়কে টায়ার জ্বালিয়ে ও গাছের গুঁড়ি ফেলে সকাল-সন্ধ্যা হরতাল শুরু করেছে ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের কর্মীরা।

জেলা বিভিন্ন স্থানে মোতায়ন রয়েছে বিপুল সংখ্যক পুলিশ।

মুদ্রা পাচারের একটি মামলায় গত রোববার ঢাকার আদালত বিএনপির জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে ইন্টারপোলের মাধ্যমে দেশে আনতে পরোয়ানা জারি করে। বিএনপি বলছে, পরোয়ানা জারির এই উদ্যোগ ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’।

তারেক রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা প্রত্যাহার এবং তার বিরুদ্ধে সব মামলা প্রত্যাহার দাবিতে বুধবার সারাদেশে হরতাল ডেকেছে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দল।

ফরিদপুর প্রতিনিধি জানান, হরতালের সকালে ও আগের রাতে ফরিদপুরে পাঁচটি যানবাহনে অগ্নিসংযোগ ও ভাংচুর করেছে হরতাল সমর্থকরা।

ফরিদপুর কোতোয়ালি থানার ওসি সৈয়দ মোহসিনুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, হরতালে নাশকতা ঠেকাতে শহরের বিভিন্ন স্থান থেকে পাঁচ বিএনপি নেতাকর্মীকে আটক করা হয়েছে।

সকাল সাড়ে ৯টার দিকে শহরের টেপাখোলায় ইয়াছিন কলেজের সামনে পিকেটাররা একটি ট্রাকে আগুন দেয়।

সাড়ে ১০টার দিকে শহরতলীর সাদীপুরে দুটি বাস ও একটি ট্রাক ভাঙচুর করা হয়।

এছাড়া সোমবার রাতেও শহরতলীর গঙ্গাবর্দী এলাকার ফরেস্ট অফিসের সামনে হরতালের সমর্থকরা একটি ট্রাকে আগুন দিয়েছে।

লক্ষ্মীপুর প্রতিনিধি জানান, লক্ষ্মীপুর শহরে সকালে কয়েকটি হাতবোমা ফাটিয়েছে পিকেটাররা। এছাড়া সড়কে টায়ার জ্বালিয়ে ও গাছের গুঁড়ি ফেলে পিকেটিং করে তারা। 

সকাল সাড়ে ৭টার দিকে শহরের উত্তর তেমুহনীতে ছাত্রদলের একটি মিছিল বের হয়।

মহিলা কলেজের সামনে গিয়ে মিছিলকারীরা আবার উত্তর তেমুহনীতে আসতে চাইলে পুলিশ বাধা দেয়। এ সময় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরিত হয়।

একই সময়ে দক্ষিণ তেমুহনীতে একটি বিক্ষোভ মিছিল বের করে যুবদলকর্মীরা।

এছাড়া জকসিন, মান্দারী, চন্দ্রগঞ্জ, হাজিরপাড়াসহ জেলার বিভিন্ন স্থানে সড়কে গাছের গুড়ি ফেলে, টায়ারে অগ্নিসংযোগ করে মিছিল পিকেটিং করেছে হরতাল সমর্থকরা।

হরতালের সকালে জেলা বাস-টার্মিনাল থেকে দূরপাল্লার কোনো যানবাহন ছেড়ে যায়নি। বন্ধ রয়েছে আভ্যন্তরীণ বাহনগুলোও। 

টাঙ্গাইল প্রতিনিধি জানান, পিকেটিং করার সময় টাঙ্গাইল শহরে বিএনপির চার নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার সকালে গোডাউন বাজার এলাকা থেকে আটকরা হলেন জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক এ কে এম মনিরুল হক মনির, শহর স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. আসলাম মিয়া, শ্রমিক দলের কর্মী সবুজ ও ছানোয়ার।

টাঙ্গাইল মডেল থানার ওসি নজরুল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, যেকোনো ধরনের নাশকতা ঠেকাতে শহরের মোড়ে মোড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা হয়েছে।

সকালে জেলা বিএনপি শহরের রেজিস্ট্রিপাড়া রোডে একটি বিক্ষোভ মিছিল বের করেছে।

মিছিল শেষে পুরাতন বাসস্ট্যান্ডে হবিবুর রহমান প্লাজার সামনে সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা। 

এদিকে, সকাল থেকেই শহরের কিছু কিছু দোকানপাট ও বিপনীবিতান খোলা হয়। রাস্তায় অটোরিকশা চলাচল করছে।

তবে সব ধরনের বাস বন্ধ রয়েছে। সরকারি-আধাসরকারি প্রতিষ্ঠানসহ অফিস-আদালত স্কুল-কলেজ খোলা রয়েছে।

কিশোরগঞ্জ প্রতিনিধি জানান, সকাল থেকে হরতাল সমর্থকরা বিন্নাটি, পুলেরঘাট, বৌলাই, সগড়াসহ শহরতলীর বিভিন্ন এলাকায় অন্তত ২০টি গাড়ি ভাংচুর করেছে।

এছাড়া জেলা শহরের কয়েকটি স্থানে হাতবোমা ফাটিয়েছে তারা। আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করেছে।

হরতালের সকাল থেকে দূরপাল্লার সবধরনের যান চলাচল বন্ধ রয়েছে। বন্ধ আছে অধিকাংশ দোকানপাট।

তবে ট্রেনসহ অন্যান্য যান চলাচল স্বাভাবিক রয়েছে।

কিশোরগঞ্জ মডেল থানার ওসি হাম্মাদ হোসেন জানান, হরতালে কাউকে গ্রেপ্তার করা হয়নি।

পুরনো খবর:

বুধবার সারাদেশে হরতাল ১৮ দলের