২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘অবৈধ স্থাপনা ও যানবাহনের বিরুদ্ধে শিগগিরই অভিযান’

মহাসড়কের দুপাশের অবৈধ স্থাপনা উচ্ছেদে এবং অননুমোদিত যানবাহনের বিরুদ্ধে শিগগিরই অভিযান শুরুর কথা জানিয়েছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 May 2013, 05:36 PM

Updated : 23 Aug 2022, 10:51 AM

সোমবার বিকালে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের গুরুত্বপূর্ণ জায়গাগুলো পরিদর্শনের সময় সাংবাদিকদেরকে এ অভিযানের কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, অচিরেই মহাসড়কের পাশে থাকা অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে। সংশ্লিষ্ট এলাকাগুলোর অবৈধ স্থাপনা সরাতে ১০ দিন মাইকে প্রচারণা চালানো হবে।

তিনি বলেন, অবৈধ স্থাপনা ও যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ১০টি মন্ত্রণালয়ের মন্ত্রী ও ১২টি মন্ত্রণালয়ের সচিবদের নিয়ে একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠনের নীতিগত সিদ্ধান্ত হয়েছে।

কমিটির প্রধান হিসেবে যোগাযোগমন্ত্রী এবং সদস্য হিসেবে অন্যান্যের মধ্যে কৃষি, স্বরাষ্ট্র নৌপরিবহণ, রেল, গণপূর্ত ও স্থানীয় সরকার মন্ত্রীও থাকবেন বলে তিনি জানান।

তিনি বলেন, “আগামী ৭দিনের মধ্যে এ কমিটির সভা হবে।”

নবীনগর-চন্দ্রা সড়কের চার লেনের কাজ জুনের মধ্যে শেষ করা হবে বলেও জানান তিনি।

সাভারের আমিনবাজার, হেমায়েতপুর, রাজফুলবাড়িয়া, গেন্ডা, উলাইল ও সাভার বাজার বাসস্ট্যান্ড এলাকা পরিদর্শন করে যোগাযোগন্ত্রী।