২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তুলে নেয়া আ. লীগ নেতাকে রিমান্ডে পায়নি পুলিশ

ঢাকার ওয়ার্ড আওয়ামী লীগের এক নেতাকে আটকের পর চাঁদাবাজির অভিযোগ এনে তাকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে চাইলেও পায়নি পুলিশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 May 2013, 03:53 PM

Updated : 23 Aug 2022, 10:51 AM

রোববার রাতে রুহুল আমিন নামে ওই নেতাকে গোয়েন্দা পুলিশের পরিচয়ে তুলে নেয়ার পর বঙ্গবন্ধু এভিনিউ এলাকায় বিক্ষোভ করেছিলো আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

রুহুল আমিন ঢাকার ৫৬ নম্বর ওয়ার্ড (কামরাঙ্গীরচর এলাকা) আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক।

সোমবার বিকালে তাকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে ঢাকার হাকিম আদালতে হাজির করে গোয়েন্দা পুলিশ।

গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক দীলিপ কুমার সাহা আওয়ামী লীগ নেতাকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের জন্য হেফাজতে চান।

আদালত পুলিশের উপপরিদর্শক মোয়াজ্জেম হোসেন জানান, রুহুল আমিনের বিরুদ্ধে এলাকায় চাঁদাবাজি করে এবং লোকজনকে ভয়ভীতি দেখানোর অভিযোগ রয়েছে।

রিমান্ডের আবেদনের বিরোধিতা করে রুহুলের পক্ষে তার আইনজীবীরা জামিনের আবেদন করেন।

হাকিম জামিনের আবেদন নাকচ করেন। পুলিশের আবেদন পুরোপুরি নাকচ না করে আওয়ামী লীগ নেতাকে কারাগারে পাঠিয়ে দেন। তবে কারা ফটকে তাকে চার দিন জিজ্ঞাসাবাদ করতে পারবে পুলিশ।

রোববার রাত সাড়ে ৯টার দিকে গোলাপ শাহ মাজারের কাছ থেকে রুহুলকে তুলে নিয়ে যায় গোয়েন্দা পুলিশ।

এরপর আওয়ামী লীগের নেতা-কর্মীরা দলের কেন্দ্রীয় কার‌্যালয় সংলগ্ন সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায়।

রোববার গভীর রাত পর‌্যন্ত এ নেতার খোঁজে তার স্ত্রী ও স্থানীয় আওয়ামী লীগ নেতাদের মিন্টো রোডের ডিবি কার্যালয়ে অবস্থান করতে দেখা গেছে।

রুহুলের ছেলে মো. সুমন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সরকারের ‘উচ্চ পর্যায়ে’ যোগাযোগের পর বাবার সন্ধান পেয়েছেন তারা।