ফেনীর অপহৃত স্কুলছাত্রী বান্দরবানে উদ্ধার
ফেনীর সোনাগাজী থেকে অপহৃত স্কুলছাত্রীকে বান্দরবানে উদ্ধার করেছে পুলিশ।
সোমবার সকালে অপহরণের দুই দিন পর কিশোরীকে বান্দরবানের ইসলামপুরের লাঙ্গিপাড়া এলাকার ইজ্জতপাড়ার একটি পরিত্যক্ত ঘর থেকে উদ্ধার করা হয়।
এ সময় অপহরণকারী আবু বক্কর ছিদ্দিক সাগরকে (২৫) গ্রেপ্তার করে পুলিশ।
অপহৃতের পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, গত শনিবার সকালে বাসা থেকে পড়তে যাওয়ার সময় সাগরের নেতৃত্বে ৮/১০ সন্ত্রাসী অস্ত্রের মুখে স্কুলছাত্রীকে মাইক্রোবাসে উঠিয়ে অপহরণ করে নিয়ে যায়।
ওই দিন অপহৃতের বাবা বাদী হয়ে ৬ জনকে আসামি করে সোনাগাজী থানায় মামলা দায়ের করলে পুলিশ সাগরের মা ও মাইক্রোবাসের ড্রাইভার জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করে।
গোপন সূত্রে খবর পেয়ে ও মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে অপহৃতকে উদ্ধার করে পুলিশ।
সোনাগাজী মডেল থানার ওসি সুভাষ চন্দ্র পাল ছাত্রী উদ্ধার ও অপহরণকারী গ্রেপ্তারের খবরের সত্যতা নিশ্চিত করেছেন।
