২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পার্বত্য ভূমি কমিশনের সিদ্ধান্ত প্রক্রিয়া বদলাচ্ছে

পার্বত্য চট্টগ্রাম ভূমি-বিরোধ নিষ্পত্তি কমিশনের কার্যপরিধি স্পষ্ট ও বিস্তৃত করতে আইন সংশোধনের প্রস্তবে নীতিগত অনুমোদন দিয়েছে সরকার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 May 2013, 02:31 PM

Updated : 23 Aug 2022, 10:51 AM

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার মন্ত্রিসভার বৈঠকে ‘পার্বত্য চট্টগ্রাম ভূমি-বিরোধ নিস্পত্তি কমিশন (সংশোধন) আইন ২০১৩, এর খসড়ার এই অনুমোদন দেয়া হয়।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোশাররাফ হোসাইন ভূঁইঞা সাংবাদিকদের জানান, ভূমি বিরোধ নিষ্পত্তিতে কমিশনের সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় কিছুটা পরিবর্তন করা হয়েছে।

বর্তমান আইনে কোনো সিদ্ধান্তে আসতে কমিশনের সর্বসম্মতির প্রয়োজন হয় বা চেয়ারম্যানের সিদ্ধান্ত চূড়ান্ত বলে ধরা হয়। আইন সংশোধন হলে ভূমি বিরোধ নিষ্পত্তিতে কমিশনের সর্বসম্মতি বা চেয়ারম্যানসহ সংখ্যাগরিষ্ঠের সমর্থন প্রয়োজন হবে বলে সচিব জানান।

Image
2 held for hill cutting in Ctg

2 held for hill cutting in Ctg

তিনি বলেন, কমিশনের পাঁচ সদস্যর মধ্যে চেয়ারম্যানসহ মোট তিন জনের সিদ্ধান্ত এক হলেই চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া যাবে।

২০০৯ সালের জুলাই মাসে ভূমি কমিশন পুনর্গঠনের পর পার্বত্য চট্টগ্রামের ভূমিবিরোধ নিষ্পত্তির জন্য জরিপ চালানোর উদ্যোগ নেওয়া হয়। তবে জনসংহতি সমিতিসহ পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন সংগঠন, সুশীল সমাজ, তিনটি সার্কেলের প্রধানরা (তিন রাজাসহ) এর বিরোধিতা করে।

তাদের বক্তব্য ছিল, ১৯৯৭ সালের পার্বত্য শান্তি চুক্তির সঙ্গে সামঞ্জস্যহীন এই ভূমি কমিশন আইন সংশোধন করা না হলে এই জরিপ সফল হবে না।

সংশোধিত আইনের খসড়ায় কমিশনে কর্মচারী নিয়োগের ক্ষেত্রে পার্বত্য অঞ্চলে বসবাসকারী ক্ষদ্র নৃ-গোষ্ঠীর সদস্যদের অগ্রাধিকার দেয়ার কথা বলা হয়েছে।

চলতি আইনে ‘পুনর্বাসিত শরণার্থীদের ভূমি সংক্রান্ত বিরোধ’ পার্বত্য চট্টগামের প্রচলিত আইনে নিষ্পত্তি করার কথা বলা হয়েছে। এর সঙ্গে ‘অবৈধ বন্দোবস্ত ও বেদখল’ জমির বিরোধও যুক্ত করতে বলা হয়েছে খসড়ায়।

প্রচলিত আইনে কোনো বৈধ মালিকদের ভূমি বলতে কেবল জমি বোঝানো হলেও সংশোধিত আইনে ভূমি বলতে জমি ও জলাভূমি বোঝানো হবে।

মূল আইনে সার্কেল প্রধানের একজন প্রতিনিধি রাখার কথা বলা হলেও তার সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা ছিল না। সংশোধিত আইনের খসড়ায় বলা হয়েছে, এই প্রতিনিধিও কিছু সিদ্ধান্ত গ্রহণে ভূমিকা রাখতে পারবেন।

সচিব জানান, পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার (সংশোধন) আইন এর খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

সংশোধনীতে বলা হয়েছে, পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার সুপারিশ করতে উপদেষ্টা পরিষদের সদস্য সংখ্যা ১৪ থেকে বেড়ে ১৭ হবে। এছাড়া পরে প্রয়োজন হলে আইন সংশোধন ছাড়াই সদস্য সংখ্যা আরো বাড়ানো যাবে।

এছাড়া গ্রাম আদালত (সংশোধন ) আইনের খসড়ায় চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

মন্ত্রিপরিষদ সচিব মোশাররাফ হোসাইন ভূঁইঞা বলেন, গত ২২ অক্টোবর এ আইনের খসড়ায় নীতিগত অনুমোদন দেয়া হয়েছিল। চূড়ান্ত অনুমোদনের ক্ষেত্রে উল্লেখযোগ্য কোনো পরিবর্তন করা হয়নি।