২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ক্রেন ছিঁড়ে নিহতের সংখ্যা বেড়ে ৫

রাজধানীর জুরাইনে দুর্ঘটনাকবলিত একটি ট্রাক উদ্ধারের সময় ক্রেন ছিঁড়ে নিহতের সংখ্যা বেড়ে পাঁচজনে দাঁড়িয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 May 2013, 01:54 PM

Updated : 23 Aug 2022, 10:51 AM

তরেক হাসান নামের ১০ বছর বয়সী এক বালক সোমবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। 

নিহত বাকি চারজনের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। এরা হলেন- মিজানুর রহমান (৩৫), মো. জয়নাল আবেদীন (৩০)ও মো. শফিকুল ইসলাম (২৬)।

শ্যামপুর থানার উপ পরিদর্শক মাহফুজার রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, নিহত তারেকের বাবা আবুল বাশার বাদি হয়ে ক্রেনের চালক বজলুর রহমানের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেছেন।

শ্যামপুর থানার ওসি আব্দুর রশিদ জানান, রোববার রাত সাড়ে ৯টার দিকে জুরাইনে সেতু মার্কেটের সামনে মালবোঝাই একটি ট্রাক আইল্যান্ডে ধাক্কা লেগে উল্টে যায়। রাত ৯টার দিকে ট্রাকটি উদ্ধারের সময় ক্রেনের শিকল ছিঁড়ে যায় এবং ক্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।

বাকি দুজনের মৃত্যু হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে।

উপ পরিদর্শক মাহফুজার রহমান জানান, ক্রেনটির মালিক জাকির সিট কাটিং নামের এক কোম্পানি।পুলিশ ওই প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও তাদের কাউকে পাওয়া যায়নি।