২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনায় নির্বাচনে সেনা মোতায়েন চায় বিএনপি-জাপা

খুলনা সিটি কর্পোরেশন (কেসিসি) নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের দাবি জানিয়েছেন বিএনপি ও জাতীয় পার্টির মেয়র পদপ্রার্থী।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 May 2013, 09:19 AM

Updated : 23 Aug 2022, 10:51 AM

ভোটারদের নিরাপদে কেন্দ্রে যাওয়া থেকে শুরু করে সুষ্ঠুভাবে ভোট গণনার জন্য সেনাবাহিনী মোতায়েন প্রয়োজন বলে তারা মনে করেন।

তবে আওয়ামী লীগ সমর্থিত মেয়র পদপ্রার্থী তালুকদার আবদুল খালেক মনে করেন খুলনা মহানগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেক ভাল। আর সে কারণে সেনাবাহিনী মোতায়েনের কোনো প্রয়োজন নেই।

নির্বাচনে কোনো সহিংসতার আশঙ্কা নেই বলেও মনে করেন তিনি।

তালুকদার আবদুল খালেকের সাজানো প্রশাসন দিয়ে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয় বলে অভিযোগ করেন বিএনপি সমর্থিত প্রার্থী মনিরুজ্জামান মনি।

সোমবার সকালে তিনি এই প্রতিবেদককে বলেন, নগরীতে সন্ত্রাসীদের আনাগোনা আছে। তাদের পুলিশ গ্রেপ্তার করতে পারেনি। সেইসঙ্গে কোনো অবৈধ অস্ত্রও উদ্ধার হয়নি। তাই নির্বাচনের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কা আছে।

নির্বাচনের দিন ভোট বাক্সও ছিনতাইয়ের আশঙ্কাও প্রকাশ করেন তিনি।

মনি বলেন, “ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারেন এবং তাদের রায় যাতে উল্টে না যায় এ জন্য সেনাবাহিনী  মোতায়ন ছাড়া বিকল্প কোনো পথ খোলা নেই।”

প্রায় একই কথা বললেন জাতীয় পার্টি সমর্থিত প্রার্থী শফিকুল ইসলাম মধুও।

তিনি বলেন, “আমি নিরাপত্তা চেয়ে কেএমপি বরাবর আবেদন করেছি। কয়েকদিন আগে রূপসায় একজন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যাসহ দুজন নিহত হয়েছেন। এ জন্য ভয়ের মধ্যে আছি।”

“সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের জন্য সেনাবাহিনী নামানোর দাবি জানাই,” বলেন তিনি।