জয়পুরহাটে গণপিটুনিতে যুবক নিহত
জয়পুরহাটের কালাই উপজেলায় গণপিটুনিতে এক যুবক নিহত হয়েছে।
রোববার সকালে কালাই উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় গাজীউল ইসলাম ওরফে গাজী মিয়া (৩৫) মারা যান।
শনিবার বিকালেই রাজাবিরাট বাজারে অপহরণের অভিযোগে স্থানীয়দের পিটুনিতে গুরুতর আহত হন গাজীউল। গণপিটুনিতে জড়িত সন্দেহে পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
স্থানীয়দের বরাত দিয়ে কালাই থানার ওসি রমজান আলী জানান, প্রায় এক মাস আগে একই উপজেলার ভাটাহার গ্রামের জসিম উদ্দিনের ছেলে ফারুখ হোসেনকে (৩০) কৌশলে অপহরণ করে নিয়ে যায় গাজী। অপহরণের পর সে ফারুখের পরিবারের কাছে মুক্তিপণ দাবি করে। মুক্তিপণের টাকা না দিলে ফারুখকে হত্যারও হুমকি দেয়।
গত ২৩ এপ্রিল কালাই থানায় এ ব্যাপারে একটি মামলাও হয়। ঘটনার পর থেকেই গাজী ও তার দলবল পলাতক ছিল বলেও জানান ওসি।
শনিবার বিকালে কালাই উপজেলার সীমান্ত এলাকার রাজাবিরাট বাজারে গাজীকে দেখতে পেয়ে এলাকাবাসী ধরে পিটুনি দেয়। মূমূর্ষু অবস্থায় তাকে কালাই উপজেলা হাসপাতালে ভর্তি করা হলে ভোর রাতে তিনি মারা যান।
তিনি আরো জানান, গাজীউলকে হত্যার সঙ্গে জড়িত সন্দেহে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।
এরা হলেন, ভাটাহার গ্রামের ইয়াকুব আলীর ছেলে ফারুখ হোসেন ও তার তিন ভাই সোলায়মান আলী (৩৫), জাহেদুল ইসলাম (২৬) ও তোতা মিয়া (২৩) এবং তেলীহার গ্রামের মোবারক হোসেনের ছেলে বকুল হোসেন (৪৩)।
লাশ ময়না তদন্তের জন্য জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ব্যাপারে কালাই থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও তিনি জানান।
