ময়মনসিংহে কলেজছাত্র গুলিবিদ্ধ, আটক ২
ময়মনসিংহের ফুলপুরে দুর্বৃত্তদের হামলায় এক এইচএসসি পরীক্ষার্থী গুলিবিদ্ধ হয়েছেন। এ ঘটনায় অস্ত্রসহ দুইজনকে আটক করেছে পুলিশ।
শুক্রবার দুপুরে এ হামলায় গুলিবিদ্ধ এইচএসসি পরীক্ষার্থী উজ্জ্বলকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ফুলপুর থানার ওসি এস আলম বলেন, দুপুরে মাহমদপুর এলাকায় মোটরসাইকেল নিয়ে দুই যুবক আলমগীর হোসেন সুমন মেম্বারের বাড়ির সামনে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিল। এ সময় এলাকাবাসী দুই যুবককে ধাওয়া দেয়।
তখন মোটরসাইকেল আরোহী দুই যুবক জনতাকে লক্ষ্য করে দুই রাউন্ড পিস্তলের গুলি ছুঁড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় উজ্জ্বল গুলিবিদ্ধ হন বলে জানান ওসি।
পরে পাশের সাহাপুর এলাকায় গিয়ে পুলিশ দুই যুবককে আটক করে।
এরা হলেন- শেরপুরের নালিতাবাড়ির আশীষ কোচের ছেলে রঘুনাথ কোচ এবং ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার আব্দুল খালেকের ছেলে আব্দুল মালেক।
তাদেরকে থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
