ফেনীতে যৌতুকের জন্য গৃহবধূ হত্যার অভিযোগ
ফেনী সদর উপজেলায় যৌতুক না পেয়ে নির্যাতন করে এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে তার শশুর বাড়ির লোকজনের বিরুদ্ধে।
নিহত আসমা আক্তার সনিয়া (২১) উপজেলার কালিদহ ইউনিয়নের যাত্রাসিদ্দি গ্রামের মৃত সামছুল হকের ছেলে মাইন উদ্দিনের স্ত্রী। মোহনা নামে নিহতের দেড় বছরের একটি মেয়ে রয়েছে।
বৃহস্পতিবার সকালে শশুর বাড়ি থেকে ফ্যানের সঙ্গে আসমার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহতের পরিবার ও এলাকাবাসী জানান, মাইন উদ্দিনের সঙ্গে প্রায় চার বছর আগে পাশের ছনুয়া ইউনিয়নের টংগীর পাড় গ্রামের গিয়াস উদ্দিন ড্রাইভারের মেয়ে আসমার বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর স্বামী আবুধাবি চলে যাওয়ার পর থেকে যৌতুকের জন্য আসমার ওপর নির্যাতন শুরু করে তার শ্বশুরবাড়ির লোকজন।
গিয়াস উদ্দিন ড্রাইভার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আসমার বিয়ের সময় জিনিসপত্রসহ প্রায় তিন লাখ টাকা যৌতুক দেয়া হয় তার শশুর বাড়িকে। মাইন উদ্দিন দেশের বাইরে চলে যাওয়ার পর তার মা আনোয়ারা বেগমসহ পরিবারের সদস্যরা আবারো যৌতুকের জন্য তার মেয়ের ওপর মানসিক ও শারিরীক নির্যাতন শুরু করে। বিষয়টি মোবাইল ফোনে তার স্বামীকে জানানো হলেও নির্যাতন কমেনি। বরং জানানোর কারণে নির্যাতনের মাত্রা আরো বেড়ে যায়।
গিয়াস উদ্দিন বলেন, “বুধবার রাতে আসমাকে মেরে তার গলায় ওড়না পেঁচিয়ে ঘরের সিলিং ফ্যানের সাথে ঝুলিয়ে রেখে বাড়ির সবাই পালিয়ে যায়।”
ফেনী মডেল থানা পুলিশের এসআই ইকবাল বাহার চৌধুরী বিডিনিউজটোয়েন্টিফোর ডটকমকে জানান, আসমা হত্যার ঘটনায় গিয়াস উদ্দিন ড্রাইবার বাদি হয়ে তার শাশুড়ীসহ ছয়জনকে আসামি করে ফেনী মডেল থানায় একটি হত্যা মামলা করেছেন।
ইকবাল বাহার বলেন, “এঘটনায় মনোয়ারা বেগম নামে হত্যা মামলার এজাহারভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।”
