শেরপুরে শিবিরের ২১ নেতাকর্মীর নামে অভিযোগপত্র
গাড়ি ভাংচুর ও ত্রাস সৃষ্টির অভিযোগে শেরপুরে ইসলামী ছাত্র শিবিরের ২১ নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগপত্র দেয়া হয়েছে।
সোমবার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) মো. রিয়াদ হোসেন মুখ্য বিচারিক হাকিম আদালতে এ অভিযোগপত্র জমা দেন।
গত ৯ মে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জামায়াত ইসলামীর নেতা সহকারী সেক্রেটারি জেনারেল কামারুজ্জামানের ফাঁসির রায় দেয়ার পর শহরের নারায়ণপুর এলাকায় গাড়ি ভাংচুর এবং ত্রাস সৃষ্টি করে ছাত্র শিবির।
এ ঘটনায় এসআই ফজলে এলাহী বাদী হয়ে ২৪ জনকে আসামি করে দ্রুত বিচার আইনে এ মামলাটি করেন।
সদর থানার ওসি মো. মাজহারুল করিম জানান, ছাত্র শিবিরের সভাপতি মো. রাজু মিয়া ও সাধারণ সম্পাদক ফরহাদ হোসেনসহ ২১ জনকে অভিযুক্ত করা হয়েছে। মামলার তিন আসামিকে অব্যাহতি দেয়া হয়েছে।
এরমধ্যে ফরহাদ ও জাকির নামে দুজন জেলে আছে। বাকি ১৯ জন পলাতক। তাদের গ্রেপ্তারে পুলিশ চেষ্টা চালাচ্ছে বলে জানান ওসি।
