‘স্ত্রীকে হত্যার পর স্বামীর আত্মহত্যার চেষ্টা’
রংপুর সদরে এক আওয়মী লীগ নেতা স্ত্রীকে হত্যার পর আত্মহত্যার চেষ্টা করেছেন বলে পুলিশ জানিয়েছে।
সোমবার বেলা ৩পার দিকে সদ্যপুস্করণী ইউনিয়নে এ ঘটনায় নিহত হন এক নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি মিজানুর রহমান পাইলটের স্ত্রী রূপালী বেগম (৩০)।
আহত পাইলটকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের দুই মেয়ে রয়েছে।
এ ঘটনার পর বাড়ির লোকজন আত্মগোপন করেছে বলে পুলিশ জানিয়েছে।
কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) শাহজাহান আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, হাসপাতালে নেয়ার সময় পাইলট পুলিশকে বলেন- তিনি নিজে স্ত্রীকে হত্যা করেছেন।
পাইলট পুলিশকে বলেন- শোয়ার ঘরে স্ত্রীকে জবাই করার পর একই ছুরি দিয়ে নিজের পেটে ও গলায় আঘাত করেন পাইলট, বলেন পুলিশ কর্মকর্তা।
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. আব্দুস সালাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পাইলট আশঙ্কমুক্ত হলেও সেরে উঠতে তার সময় লাগবে।
নিহত রূপালীর বাবা ইয়াকুব আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পাইলট বাড়ির পাশের জমিতে পাকা বাড়ি করেছেন। সোমবার সন্ধ্যায় মিলাদ পড়িয়ে নতুন বাড়িতে ওঠার কথা ছিল।
ওই জমি নিজের বলে দাবি করে বাধা দেন তার বৈমাত্রেয় বড় ভাই চান্দু। বাড়িতে উঠলে পাইলট ও তার স্ত্রীকে হত্যা করবে বলেও হুমকি দেন চান্দু।
এ ঘটনার পর থেকে চান্দুও পলাতক রয়েছেন বলে তিনি জানান।
কোতোয়ালি থানার ওসি শাহাবুদ্দিন খলিফা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, হত্যাকাণ্ডের প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে। পাইলটকে পুলিশী প্রহরায় চিকিৎসা দেয়া হচ্ছে।
ময়নাতদন্তের জন্য লাশ রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
শেষ খবর পাওয়া পর্যন্ত মামলার প্রক্রিয়া চলছিল বলে জানান তিনি।
