২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এমসি কলেজে ছাত্রলীগের সংঘর্ষ

আধিপত্য বিস্তার নিয়ে সিলেটের এমসি কলেজে ছাত্রলীগের দুপক্ষের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলি হয়েছে।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 May 2013, 11:04 AM

Updated : 23 Aug 2022, 10:47 AM

রোববার দুপুরে এ সংঘর্ষের সময় একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের ক্যামেরা ভাংচুরসহ দুই সংবাদকর্মীকে লাঞ্ছিত করারও অভিযোগ উঠেছে।

সম্প্রতি সিলেট জেলা ছাত্রলীগ সভাপতির পদ থেকে অব্যহতি পাওয়া পঙ্কজ পুরকায়স্থ ও ভারপ্রাপ্ত সভাপতি হিরণ মাহমুদ নিপুর পক্ষের মধ্যে এ সংঘর্ষ হয় বলে পুলিশ জানিয়েছে।

শাহপরাণ থানার ওসি লিয়াকত আলী বলেন, কয়েকদিন আগে পঙ্কজের পক্ষকে হটিয়ে ক্যাম্পাসের নিয়ন্ত্রণ নেয় হিরণপক্ষ।

বেলা ১২টার দিকে পঙ্কজের পক্ষের নেতাকর্মীরা ক্যাম্পাস দখল করতে গেলে এ সংঘর্ষ বাধে। এ সময় অন্তত ২০ রাউন্ড গুলির শব্দ শোনা যায়। পরে পঙ্কজপক্ষ পিছু হটলে সংঘর্ষ থামে।

এ সময় ছাত্রলীগের কর্মীরা সময় টেলিভিশনের ক্যামেরা কেড়ে নিয়ে ভাঙচুর করে এবং চ্যানেলটির প্রতিবেদক আবদুল আহাদ ও আলোকচিত্রী (ক্যামেরাম্যান) নওশাদকে লাঞ্ছিত করে।

এ ঘটনার প্রতিবাদে টিলাগড়ে সিলেট-তামাবিল সড়কে অবস্থান নিয়ে প্রতিবাদ সমাবেশ করেন সাংবাদিকরা।

ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে বলেও জানান ওসি লিয়াকত আলী।