চট্টগ্রামের পোশাক কারখানাগুলোতে পরিদর্শন শুরু হচ্ছে
চট্টগ্রামের তৈরি পোশাক শিল্প কারখানার ভবনগুলোর ‘স্থায়ীত্ব, ত্রুটি ও ঝুঁকি’ চিহ্নিত করার কাজ শুরু হচ্ছে।
বিজিএমইএ ও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) সমন্বয়ে আট সদস্যের যৌথ পরিদর্শন দল এ কাজ করবে বলে জানিয়েছেন বিজিএমইর প্রথম সহ-সভাপতি নাসির উদ্দিন আহমেদ চৌধুরী।
শনিবার থেকে এ অঞ্চলের কারখানাগুলোতে মাসব্যাপী পরিদর্শন শেষে একটি প্রতিবেদন তৈরী করে যথাযথ ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, চট্টগ্রাম অঞ্চলে তৈরি পোশাক শিল্প কারখানা ভবন সমূহের স্থায়ীত্ব, ক্রটি ও ঝুঁকিপূণ ভবন চিহ্নিতকরণ ও পরবর্তী পদক্ষেপ নির্ধারণের লক্ষ্যে এ যৌথ পরিদর্শন দল গঠন করা হয়েছে।
এ দুই প্রতিষ্ঠানের চার জন করে মোট আট সদস্য দলের প্রধান হিসেবে সিডিএর কোনো জ্যেষ্ঠ কর্মকর্তা দায়িত্ব পালন করবেন।
নাসির বলেন, “শনিবার থেকে এ পরিদর্শন দলের কার্যক্রম শুরু হচ্ছে।”
যৌথ পরিদর্শক দলকে পোশাক শিল্প কারখানা ভবন সরেজমিনে পরিদর্শনের সময় কারখানার মালিকদেরকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।
তবে চট্টগ্রাম ইপিজেড এ পরিদর্শনের আওতার বাইরে থাকবে বলে জানান তিনি।
