২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে আশ্রয়কেন্দ্রে সরে যাওয়ার নির্দেশ

ঘূর্ণিঝড় মহাসেন এগিয়ে আসায় চট্টগ্রামের উপকূলীয় অঞ্চল থেকে বাসিন্দাদের আশ্রয়কেন্দ্রে সরিয়ে আনা হচ্ছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 May 2013, 11:13 AM

Updated : 23 Aug 2022, 10:46 AM

চট্টগ্রাম অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস এম আবদুল কাদের বলেন, "ইতোমধ্যে সন্দ্বীপ ও বাঁশখালী উপজেলার ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসরত মানুষদের সরিয়ে নেয়ার কাজ শুরু হয়েছে।"

বুধবার দুপুর থেকে আশ্রয়কেন্দ্রে সরে যাওয়ার নির্দেশ দিয়ে মাইকে প্রচার শুরু হয়েছে বলে তিনি জানান।

চট্টগ্রামের ১২ টি উপজেলা ও সিটি কর্পোরেশনে সরকারিভাবে মোট ৪৭৯টি আশ্রয় কেন্দ্র রয়েছে। এ সব আশ্রয়কেন্দ্রে প্রায় সাড়ে চার লাখ মানুষ আশ্রয় নিতে পারবে বলে তিনি জানান।

এছাড়া স্কুল কলেজ ও বিভিন্ন সরকারি ভবনও আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহারের উপযোগী করা হয়েছে।

এদিকে ঝড় আঘাত হানার আগে বুধবার দুপুর থেকে চট্টগ্রামের উপকূলীয় এলাকার সব শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করা হয়েছে। ঝড়ের সময় আশ্রয় কেন্দ্র হিসেবে উপকূলের শিক্ষা প্রতিষ্ঠানের ভবনগুলো ব্যবহার হয়ে থাকে।

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় মহাসেন বৃহস্পতিবার উপকূলে আঘাত হানতে বলে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে।

চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্রবন্দরে ৭ নম্বর বিপদ সঙ্কেত দেখাতে বলা হয়েছে। ঝড়টি কক্সবাজার ও মিয়ানমার উপকূলে আঘাত হানবে বলে ধারণা করা হচ্ছে।

অন্যদিকে, দুপুরে চট্টগ্রাম জেলা প্রশাসন কার্যালয়ে ঘূর্ণিঝড় মোকাবেলা বিষয়ে ভিজিলেন্স কমিটির জরুরি সভায় ঘূর্ণিঝড়কে সামনে রেখে গঠিত ২৮৩টি মেডিক্যাল টিম কাজ করবে।

সম্ভাব্য আক্রান্ত এলাকায় জরুরি ভিত্তিতে বিশুদ্ধ খাবার পানি সরবরাহ করারও সিদ্ধান্ত হয়।

ভিজিলেন্স কমিটির আহ্বায়ক এস এম আবদুল কাদেরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় চট্টগ্রাম জিওসির প্রতিনিধি ক্যাপ্টেন শাহ নেওয়াজ, চট্টগ্রাম অতিরিক্ত পুলিশ সুপার গোলাম মোস্তফা, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী ইয়াকুব নবী, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী, জেলা ত্রাণ ও পূনর্বাসন কর্মকর্তা, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তসহ বিভিন্ন বিভাগের কর্মকর্তারা ‘মহাসেন’ মোকাবেলা ও সম্ভাব্য ক্ষয়ক্ষতি কমাতে প্রস্তুতির কথা জানান।