চরাঞ্চলের মানুষ আশ্রয় কেন্দ্রে আসছে
ঘূর্ণিঝড় মহাসেন মোকাবেলায় পটুয়াখালী জেলা ও উপজেলা প্রশাসন থেকে মাইকিং করে দূর্গম এলাকার মানুষদেরকে নিরাপদ আশ্রয়ে যেতে বলা হচ্ছে।
বুধবার সকাল থেকে উপকূলের আবহাওয়া বৈরী হয়ে উঠেছে। সকাল ১১টার পর থেকেই উপকূল জুড়ে হালকা বৃষ্টি থেকে আস্তে আস্তে মাঝারি বৃষ্টিপাত শুরু হয়েছে। বৃষ্টির সঙ্গে থেমে থেমে দমকা হাওয়া বইছে। সাগর উত্তাল।
জেলা প্রশাসক অমিতাভ সরকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আবহাওয়া অধিদপ্তরের ৭ নম্বর বিপদ সংকেত ঘোষণা করার পর চরাঞ্চলসহ দূর্গত এলাকার মানুষদেরকে নিরাপদে সরিয়ে আনার কাজ চলছে।
জেলা সদর ও উপজেলাগুলোর নিয়ন্ত্রণ কক্ষ থেকে নিয়োজিতদের সার্বক্ষণিক ব্রিফিং করা হচ্ছে।
তিনি আরো জানান, ইতোমধ্যেই ৮টি উপজেলায় ১১০টি মেডিকেল টিম গঠন করা হয়েছে। এছাড়া আপদকালীন ৩৬০টি সাইক্লোন শেল্টার কাম প্রাথমিক বিদ্যালয়, ৪৮টি মাটির কিলা প্রস্তুত করা হয়েছে।
সেইসঙ্গে উপজেলা ভিত্তিক ৫০০ মেট্রিকটন চাল/গম, ১৬০ টন শুকনো বিস্কুট মজুদ রাখা হয়েছে বলেও তিনি জানান।
মূল ভূ-খন্ড থেকে বিচ্ছিন্ন চর রাঙ্গাবালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. লিয়াকত আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ৭ নম্বর সতর্ক সংকেত ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গে উপজেলার বিভিন্ন চরের বাসিন্দাদের আশ্রয় কেন্দ্রে নিয়ে আসা হচ্ছে।
ইতোমধ্যে চর কাসেম, চর কাজল ও আন্ডার চরের বহুলোককে পার্শবর্তী চরের আশ্রয় কেন্দ্রে সরিয়ে আনা হয়েছে বলেও তিনি জানান।
উপকূলীয় এলাকার বহুস্থানে লাল-কালো পতাকা উড়ানো হয়েছে।
নিরাপদ আশ্রয়ের জন্য ইতোমধ্যে রেডক্রিসেন্ট ও সিপিপি স্বেচ্ছাসেবীরা দূর্গম এলাকার মানুষদের মাইকিং করে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিচ্ছে।
সাগর সৈকত কুয়াকাটায় রেডক্রিসেন্টকর্মীরা লাল নিশান উড়িয়ে একটু পর পর মাইকিং করে হুঁশিয়ারী সংকেত প্রচার করছে।
সমুদ্র সংলগ্ন বেড়িবাঁধের বাইরের সকল মানুষকে ভিতরে নিরাপদে সরিয়ে আনা হয়েছে। নৌ-বন্দর কর্তৃপক্ষ সকল রুটের লঞ্চ চলাচল বন্ধ করে দিয়েছে।
মহিপুর-আলিপুর মৎস্য সমবায় সমিতির সভাপতি আনছার উদ্দিন মোল্লা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সাগরে মাছ ধরার ছোট-বড় ট্রলার তীরে এসে আশ্রয় নিয়েছে।
