যশোরে শাবলের আঘাতে কৃষক নিহত
যশোরের অভয়নগর উপজেলায় মাছ ধরা নিয়ে কোন্দলে এক কৃষক নিহত হয়েছেন।
মঙ্গলবার সকালে উপজেলার হিদিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত রফিকুল ইসলাম উপজেলার হিদিয়া গ্রামের মৃত নূর মোহাম্মদ শেখের ছেলে।
বাশুয়াড়ী পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মাহাবুবুর রহমান নিহতের পরিবারের বরাত দিয়ে জানান, সকালে রফিকুল গ্রামের চাঁদের বিল খালে মাছ ধরতে যান।
“এ সময় মিজানুর রহমান নামে এক ব্যক্তি তাকে মাছ ধরতে বাধা দেন। এতে উভয়ের মধ্যে বাকবিতণ্ডা হয়। এক পযার্য়ে মিজানুর রহমান তার কাছে থাকা শাবল দিয়ে রফিকুল ইসলামের মাথায় আঘাত করেন।”
এসআই মাহাবুবুর রহমান জানান, আহতাবস্থায় স্থানীয়রা রফিকুলকে খুলনার ফুলতলা উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর থেকে মিজানুর পলাতক রয়েছে ।
মরদেহ ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান এসআই মাহাবুবুর।
