প্রধানমন্ত্রীর সহায়তা পেলেন অস্বচ্ছল ছয় মুক্তিযোদ্ধা
অস্বচ্ছল ছয়জন মুক্তিযোদ্ধাকে আর্থিক অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তার প্রেস সচিব আবুল কালাম আজাদ জানান, মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রী কার্যালয়ে রাজবাড়ীর হালিমা বেগম, নীলফামারীর আফিজ উদ্দিন, পঞ্চগড়ের সামসুল হক, কুষ্টিয়ার হায়দার আলী, সুনামগঞ্জের শমির উদ্দিন এবং কুমিল্লার মনু মিয়ার হাতে দুই লাখ টাকার চেক তুলে দেয়া হয়।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।
বিভিন্ন জাতীয় দৈনিকে মুক্তিযোদ্ধাদের দারিদ্র্য নিয়ে প্রকাশিত প্রতিবেদন নজরে আসায় প্রধানমন্ত্রী এই ছয়জনকে আর্থিক অনুদান দেয়ার উদ্যোগ নেন বলে প্রেস সচিব জানান।
আগামীতে আরো কয়েকজন মুক্তিযোদ্ধাকে আর্থিক সহায়তা দেয়া হবে বলে জানান তিনি।
