ঘূর্ণিঝড় মহাসেন: বরগুনায় ছুটি বাতিল
ঘূর্ণিঝড় মহাসেনের সম্ভাব্য ঝুঁকি মোকাবেলায় বরগুনার জেলা ও উপজেলা পর্যায়ের সরকারি কর্মকর্তা ও কর্মচারিদের ছুটি বাতিল করা হয়েছে।
সোমবার সোমবার দুপুরে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এক জরুরি সভায় এ তথ্য জানান জেলা প্রশাসক মো. আবদুল ওয়াহাব ভূইয়া।
এ সময় জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় জেলা প্রশাসক বলেন, ঘুর্ণিঝড়ের বিপদ না কাটা পর্যন্ত জেলা ও উপজেলা পর্যায়ে কর্মরত সরকারি কর্মকর্তা ও কর্মচারিদের ছুটি বাতিল করা হয়েছে।
সেইসঙ্গে ঘূর্ণিঝড়ের সর্বশেষ খবর জানতে ঘূর্ণিঝড় প্রস্তুতি কমিটি, দুর্যোগ ও ত্রাণ ব্যবস্থাপনা অফিস এবং লোকবেতারের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখতে কর্মকর্তাদের নির্দেশ দেয়া হয়েছে।
তিনি বলেন, সবাইকে যোদ্ধা হিসেবে দুর্যোগ মোকাবিলা করতে হবে।
ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির উপ-পরিচালক হাফিজুর রহমান জানান, তাদের ৩৭২টি ইউনিটের ৫ হাজার ৫৮০ জন স্বেচ্ছাসেবক কাজ শুরু করেছে।
জেলা দুর্যোগ, ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা বলেন, জেলায় ৩২৪টি সাইক্লোন শেল্টার সেন্টার রয়েছে। যেখানে ১ লাখ ২৯ হাজার ৬০০ জন আশ্রয় নিতে পারবে।
তবে সবচেয়ে ভয়াবহ অবস্থায় রয়েছে বরগুনার বেড়িবাঁধগুলো।
পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, জেলায় ২৭০ কিলোমিটার এলাকায় বেড়িবাঁধ নেই। এসব এলাকা দিয়ে পানি ঢুকে মারাত্মক ক্ষতি করতে পারে।
সভা থেকে বরগুনাবাসীকে এখনই আশ্রয় কেন্দ্রে যাবার জন্য প্রস্তুতি নেয়ার নির্দেশ দেয়া হয়েছে। সেইসঙ্গে ৫ নম্বর সংকেত প্রচার হলে ঝুঁকিপূর্ণ এলাকার সবাইকে আশ্রয় কেন্দ্রে চলে আসতে বলা হয়েছে।
