২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জামিন পেলেন এম কে আনোয়ার

স্বেচ্ছাসেবক লীগ নেতার করা এক মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ারকে জামিন দিয়েছে হাই কোর্ট।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 May 2013, 10:23 AM

Updated : 25 Apr 2022, 06:43 PM

সোমবার বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি মো. জাহাঙ্গীর হোসেনের বেঞ্চ তাকে দুই সপ্তাহের জামিন দেয়।

আদালতে এম কে আনোয়ারের পক্ষে শুনানি করেন জয়নুল আবেদীন; রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. দিলীরুজ্জামান। 

ঢাকার মহানগর হাকিম হাসিবুল হক গত ৭ মে এম কে আনোয়ারের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশ দেন। মামলাটি করেন স্বেচ্ছাসেবক লীগের ঢাকা দক্ষিণের সভাপতি দেবাশীষ বিশ্বাস।

৫ মে পল্টন ও গুলিস্থানে হেফাজতে ইসলামের তাণ্ডবের সময় বায়তুল মোকাররমে বইয়ের দোকানে আগুন দেয়া হয়, যাতে পুড়ে যায় কয়েকশ কোরআন শরিফ।

এক কে আনোয়ার ৬ মে এক সংবাদ সম্মেলনে দাবি করেন, ওই ঘটনা হেফাজতকর্মীরা ঘটায়নি, দোকানে আগুন দেয়া হয়েছে স্বেচ্ছাসেবক লীগের নেতা দেবাশীষের নেতৃত্বে।

ওই বক্তব্যের পরদিনেই দেবাশীষ ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে মামলা করেন। অভিযোগ আমলে নিয়ে আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আদালত ।

দণ্ডবিধির ৫০০ ও ৫০৫ (এ) ধারায় করা এ মামলায় সাম্প্রদায়িক উস্কানি সৃষ্টি এবং মানহানির অভিযোগ আনা হয়েছে। উস্কানির অভিযোগের ৫০৫ (এ) ধারাটি জামিন অযোগ্য।