গাজীপুরে পুলিশ নিহত: তদন্ত কমিটি গঠন
গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় আসামি ধরতে গিয়ে হামলায় পুলিশ নিহত হওয়ায় ঘটনা তদন্তে রোববার কমিটি গঠন করা হয়েছে।
কালীগঞ্জের বড়কাউ এলাকায় শুক্রবার রাতে আসামি ধরতে গিয়ে গ্রামবাসীর হামলায় গাজীপুর রিজার্ভ ফোর্সের নায়েক আজিজুর রহামান নিহত হন।
কালীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ বলেন, গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়কে প্রধান করে তিন সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমটি গঠন করেছেন পুলিশ সুপার আব্দুল বাতেন।
কমিটির অপর দুই সদস্য হলেন রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) সহকারী পুলিশ সুপার এসএম সালাউদ্দিন ও শ্রীপুর উপজেলা সার্কেল সহকারী পুলিশ সুপার মো. আক্তারুজ্জামান।
কমিটিকে আগামী তিন দিনের মধ্যে প্রতিবেদন জামা দিতে বলা হয়েছে, বলেন আবুল কালাম।
আবুল কালাম আরো বলেন, পুলিশ হত্যার ঘটনায় কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) ইয়াছিন বাদী হয় ৫২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত পরিচয় আরো দেড় হাজার লোকের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।
এছাড়া হত্যাকাণ্ডের ঘটনায় শুক্রবার ও শনিবার আইনশৃঙ্খলা বাহিনী তিন জনকে গ্রেপ্তার করেছে।
এরা হলেন সাইদুল ইসলাম, মো. শাহীন ও মোশাররফ হোসেন।
রোববার তাদের আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের হেফাজতের আবেদন জানালে পাঁচ দিন মঞ্জুর করা হয়।
