র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ শিবিরকর্মী নিহত
হরতালের আগের রাতে রাজশাহীর বিনোদপুর এলাকায় র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে শাহাদৎ হোসেন (২৫) নামে এক শিবিরকর্মী নিহত হয়েছেন।
ঘটনাস্থল থেকে র্যাব সদস্যরা একটি পিস্তল, গুলি, ছয়টি হাতবোমা ও তিন বোতাল পেট্রোল উদ্ধার করেছে বলে রাজশাহী র্যাবের মিডিয়া সেলের কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার শম্পা ইয়াসমিন জানান।
তিনি বলেন, “জামায়াতের ডাকে হরতালে বিশ্ববিদ্যালয় এলাকায় নাশকতা চালানোর জন্য শিবির ক্যাডাররা বিনোদপুর রেডিও কলোনি মাঠে গোপন বৈঠক করছিল। খবর পেয়ে র্যাবের একটি দল সাড়ে ৩টার দিকে সেখানে উপস্থিত হলে শিবির কর্মীরা তাদের লক্ষ্য করে গুলি ছোঁড়ে।”
এ সময় র্যাবও পাল্টা গুলি চালালে শিবিরকর্মীরা পিছু হটে যায় এবং সেখানে শাহাদতের লাশ পান র্যাব সদস্যরা।
শম্পা জানান, বিশ্ববিদ্যালয় এলাকায় নাশকতা, আওয়ামী লীগ ও ছাত্রলীগ কর্মীর রগ কটে দেয়াসহ বিভিন্ন অভিযোগে শাহাদতের বিরুদ্ধে মতিহার থানায় একাধিক মামলা রয়েছে।
রাজশাহী কলেজের ছাত্র শাহাদৎ নগরীর কাজলা এলাকার মোহাম্মাদ মানু আলীর ছেলে।
