২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রকল্প অনুমোদনের আগেই আসলামুলের চুক্তি

প্রকল্প অনুমোদন না হলেও আমিন বাজার-আজিমপুর ফ্লাইওভার নির্মাণে চীনের একটি কোম্পানির সঙ্গে চুক্তি করেছে ক্ষমতাসীন দলের সাংসদ আসলামুল হকের মাইশা গ্রুপ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 May 2013, 04:36 PM

Updated : 25 Apr 2022, 06:43 PM

শুক্রবার ধানমণ্ডিতে মাইশা গ্রুপের কার্যালয়ে সাড়ে ১০ কিলোমিটার দীর্ঘ আমিন বাজার-আজিমপুর ফ্লাইওভার নির্মাণে চুক্তি হয়।

এতে মাইশা গ্রুপের পক্ষে আসলামুল হক ও চীনের গুইজু নং-২ পাওয়ার ইঞ্জনিয়ারিং কনস্ট্রাকশন কোম্পানির সহ-সভাপতি স্বাক্ষর করেন।

গত বছরের ৬ সেপ্টেম্বর নিজের টাকায় এই ফ্লাইওভার নির্মাণে স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের কাছে প্রস্তাব দেন আসলামুল। ওই সময় স্থানীয় সরকারমন্ত্রী তাকে চূড়ান্ত প্রস্তাব দিতে বলেছিলেন।

আসলামুল জানান, ঢাকার যানজট নিরসনে তার প্রতিষ্ঠানটি উদ্যোগ নিয়েছে। আমিন বাজার-আজিমপুর ফ্লাইওভারটি যাত্রাবাড়ি ফ্লাইওভারের সঙ্গে যুক্ত হবে।

ফ্লাইওভার নির্মাণ প্রকল্পটি সরকার এখনো অনুমোদন দেয়নি জানিয়ে আসলামুল বলেন, “আশা করি সরকার এই প্রকল্পের অনুমোদন দেবে। বিদেশি অর্থ দিয়েই এই প্রকল্প বাস্তবায়ন করা হবে। ফ্লাইওভারটি নির্মাণে ৪২ হাজার কোটি টাকা খরচ হবে, যা বিদেশি ব্যাংক থেকে ঋণ নেয়া হবে।”

আগামী ২-৩ মাসের মধ্যে সরকারের সঙ্গে চুক্তি হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

প্রকল্পটি চূড়ান্ত অনুমোদনের তিন মাসের মধ্যে কাজ শুরু হবে জানিয়ে এই সাংসদ বলেন, “পুরো কাজ শেষ করতে ১৮ মাস সময় লাগবে। ফ্লাইওভার নির্মাণের কাজ যেন দ্রুত শুরু করা যায় তাই প্রকল্প অনুমোদনের আগেই কনস্ট্রাকশন ফার্মের সঙ্গে চুক্তি করলাম।”

আসলামুল হক ঢাকা-১৪ (মিরপুর-গাবতলী) এলাকার সংসদ সদস্য। তার বিরুদ্ধে সরকারি বাঙলা কলেজের জমি দখলের অভিযোগ তদন্তের নির্দেশ দিয়েছে আদালত। অবশ্য তিনি বরাবরই এ অভিযোগ অস্বীকার করে আসছেন।