২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাংবাদিকদের ওপর হামলায় সিপিজের উদ্বেগ

বাংলাদেশে সংবাদকর্মীদের ওপর সাম্প্রতিক হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে তাদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে নিউ ইয়র্কভিত্তিক সংগঠন কমিটি টু প্রটেক্ট জার্নালিস্ট (সিপিজে)।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 May 2013, 05:18 AM

Updated : 23 Aug 2022, 10:44 AM

গত ৫ মে মতিঝিলে হেফাজতে ইসলামের সামাবেশের সংবাদ সংগ্রহ করতে গিয়ে কয়েকজন সংবাদকর্মীর হামলার মুখে পড়ার ঘটনা উল্লেখ করে সিপিজের এশিয়া অঞ্চলের সমন্বয়ক বব ডায়েজ এক বিবৃতিতে বলেন, “বাংলাদেশে গণমাধ্যমকর্মীদের নিরাপত্তা পরিস্থিতি দেখে আমরা খুবই উদ্বিগ্ন। সাংবাদিকরা সব পক্ষের মতামতই শুনবে। আর তাদের সংবাদ সংগ্রহ করবেন যে সংবাদকর্মীরা, তাদের প্রতিও সব পক্ষকেই শ্রদ্ধাশীল হতে হবে।

কথিত নাস্তিক ব্লগারদের শাস্তি এবং নারী নীতি বাতিলসহ ১৩ দফা দাবিতে চট্টগ্রামভিত্তিক সংগঠন হেফাজতে ইসলাম ৫ মে মতিঝিলে সমাবেশ করে। ওই সমাবেশ চলাকালেই পল্টন, গুলিস্তানসহ আশেপাশের এলাকায় ব্যাপক তাণ্ডব চালানো হয়। সংবাদ সংগ্রহ করতে গিয়ে মারধরের শিকার হন বেশ কয়েকজন সাংবাদিক।   

সিপিজের বিবৃতিতে বলা হয়, হেফাজতের সমাবেশস্থলে দায়িত্বরত মোট ১১ জন সংবাদকর্মী সেদিন আহত হন।

এরা হলেন- গাজী টিভির প্রতিবেদক সাজ্জাদ হোসেইন ও ক্যামেরাম্যান লিটন, দৈনিক জনকণ্ঠের প্রতিবেদক ফিরোজ মান্না, ডেইলি নিউ এইজের প্রতিবেদক রফিকুল ইসলাম, দৈনিক আমাদের সময়ের আলোকচিত্রী আলী হোসেইন মিথুন ও ফটো এডিটর বুলবুল আহমেদ, সময় টেলিভিশনের প্রতিবেদক সাইফুল রুদ্র ও ক্যামেরাম্যান সজিব, মোহনা টেলিভিশনের প্রতিবেদক নাসিরউদ্দিন, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিবেদক ফারহান ফেরদৌস এবং আলোকচিত্রী মুন্না।

এর আগে গত ৬ এপ্রিল ঢাকায় হেফাজতের সমাবেশে কয়েকজন নারী সাংবাদিকও হামলা ও হয়রানির শিকার হন।

মাদ্রাসাভিত্তিক এ সংগঠনটির বিভিন্ন দাবি নারী প্রগতিবিরোধী বলে অভিযোগ করে আসছে বিভিন্ন নারী ও মানবাধিকার সংস্থা।    

গত ৬ মে থেকে দিগন্ত টেলিভিশন ও ইসলামিক টেলিভিশনের সম্প্রচার বন্ধ করে দেয়ার বিষয়টিও সিপেজের বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।