সাভারে নিহতের সংখ্যা বেড়ে ১০৫১
সাভারে সাম্প্রতিক ইতিহাসের ভয়াবহতম ভবন ধসের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০৫১ জনে।
উদ্ধার অভিযানের সপ্তদশ দিন শুক্রবার বিকালে ধ্বংসস্তূপের সামনে বসানো অস্থায়ী নিয়ন্ত্রণ কক্ষের নোটিস বোর্ডে নিহতের এই সংখ্যা জানিয়ে দেয়া হয়।
রানা প্লাজার পেছন দিকে সিঁড়ির অংশে উদ্ধার কাজ শুরু হওয়ার পর লাশের সংখ্যা দ্রুতগতিতে বেড়ে চলেছে। বৃহস্পতিবার সকাল থেকে শুক্রবার বিকাল পর্যন্ত উদ্ধার করা হয়েছে শতাধিক লাশ।
উদ্ধার অভিযানের নেতৃত্বে থাকা সেনাবাহিনীর নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়, শুক্রবার সকাল পর্যন্ত তারা ৭৩১টি মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করেছেন।
ধ্বংসস্তূপ থেকে লাশ উদ্ধারের পর সেগুলো নিয়ে যাওয়া হচ্ছে সাভার অধরচন্দ্র উচ্চ বিদ্যালয় মাঠে। সেখানে বর্তমানে রয়েছে ৪৩টি মরদেহ। ঢাকা মেডিকেল কলেজ মর্গে রয়েছে আরো ৮৪টি লাশ।
পরিচয় সনাক্ত করতে না পারায় মোট ১৫৬ জনকে বেওয়ারিশ হিসেবে দাফন করা হয়েছে জুরাইন কবরস্থানে।
গত ২৪ এপ্রিল সাভার বাজার বাসস্ট্যান্ড সংলগ্ন রানা প্লাজা ধসে পড়ে। ওই ভবনে পাঁচটি তৈরি পোশাক কারখানায় তখন কাজ চলছিলো।
উদ্ধারকর্মীরা এ পর্যন্ত নয়তলা ভবনের সামনের দিকের ধ্বংসস্তূপ সরাতে পেরেছেন। তবে ভবনের বেইজমেন্টে এখনো ঢুকতে পারেননি।
ভবনের পেছনের অংশে উদ্ধার তৎপরতা শুরু হয় বুধবার রাতে। সেখানে দুটি ফ্লোরের কংক্রিটের স্তূপ সরানো হলেও পেছনেই আরেকটি ভবন থাকায় উদ্ধার কাজ বিলম্বিত হচ্ছে বলে ফায়ার ব্রিগেডের উদ্ধারকর্মীরা জানান।
তারা বলছেন, উদ্ধার কাজ শেষ হতে আরো কয়েক দিন লাগতে পারে, যদিও নিয়ন্ত্রণ কক্ষের নোটিস বোর্ডে বুধবার জানানো হয়েছিল দুয়েকদিনের মধ্যে উদ্ধার শেষ হতে পারে।
ধ্বংসস্তূপের নিচ থেকে এখন যেসব মৃতদেহ পাওয়া যাচ্ছে তার বেশিরভাগই বিকৃত হয়ে গেছে। লাশের সঙ্গে পরিচয়পত্র বা মোবাইল ফোন পাওয়া গেলে তার মাধ্যমেই পরিচয় নিশ্চিত করার চেষ্টা চলছে।
উদ্ধার অভিযানের নেতৃত্বে থাকা সেনাবাহিনীর নবম পদাতিক ডিভিশনের অধিনায়ক মেজর জেনারেল চৌধুরী হাসান সোহরাওয়ার্দী গত ১ মে এক সংবাদ সম্মেলনে বলেছিলেন, তখন পর্যন্ত ১৪৯ জন নিখোঁজ রয়েছেন। তারপর থেকে গত ৯ দিনে উদ্ধার হয়েছে আরো ৬৩০টি লাশ।
ওইদিন সকাল পর্যন্ত মোট ৩৯৭টি মৃতদেহ পাওয়ার কথা জানিয়েছিলেন তিনি।
শ্রমিকদের দাবি অনুযায়ী, রানা প্লাজার পাঁচটি কারখানায় সাড়ে ৫ হাজারের বেশি শ্রমিক কাজ করতেন।
ঢাকার জেলা প্রশাসক মো. ইউসুফ হারুন জানান, বৃহস্পতিবার দুপুর থেকে রাত পর্যন্ত দুই ধাপে ‘অসনাক্ত’ ৭৬টি লাশ জুরাইন কবরস্থানে দাফন করা হয়েছে।
তিনি বলেন, “এনিয়ে মোট ১৫৬টি লাশ জুরাইন কবরস্থানে দাফন করা হলো।”
পরে কোনো স্বজন লাশের দাবি নিয়ে এলে পরিচয় সনাক্ত করার জন্য এই ১৫৬ জনের ডিএনএ সংগ্রহ করে রেখেছে ঢাকা মেডিকেল কর্তৃপক্ষ।
