২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিদেশি কোম্পানিগুলোরও দায়িত্ব আছে: জাতিসংঘ

দেশের পোশাক খাতের কর্মপরিবেশ উন্নয়নে বাংলাদেশ, আন্তর্জাতিক সংস্থাগুলো ও সুশীল সমাজের সঙ্গে কাজ করার জন্য পোশাক বিক্রেতা আন্তর্জাতিক কোম্পানিগুলোর প্রতি আহ্বান জানিয়েছে জাতিসংঘের একটি বিশেষজ্ঞ দল।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 May 2013, 06:46 PM

Updated : 23 Aug 2022, 10:43 AM

সাভারে ভবন ধসে নয় শতাধিক মানুষের মৃত্যু ও দুই সহস্রাধিক মানুষের আহত হওয়ার ঘটনার প্রেক্ষাপটে এ আহ্বান জানিয়েছে বিশেষজ্ঞ দলটি।

বুধবার বাংলাদেশ সফররত বাণিজ্য ও মানবাধিকার বিষয়ের জাতিসংঘ ওয়ার্কিং গ্রুপের পাঁচ সদস্যের প্রতিনিধি দলের প্রধান পাভেল সুলিয়ানজিগা এ আহ্বান জানান।

তিনি বলেন, “মানবাধিকারের ওপর নিজেদের প্রভাব চিহ্নিত করতে এবং তা প্রয়োগ করার লক্ষ্যে সতর্কতার সঙ্গে মানবাধিকার নিশ্চিত করতে বাংলাদেশ থেকে পোশাক ক্রেতা আন্তর্জাতিক ব্রান্ডগুলোর দায়িত্ব রয়েছে।”

“পোশাক সরবরাহকারীদের মাধ্যমে মানবাধিকার বিষয়ে নেতিবাচক প্রতিক্রিয়ার সঙ্গে যদি তারা জড়িত হন তাহলে ক্রেতা হিসেবে অবস্থার পরিবর্তন আনার ক্ষেত্রে নিজেদের প্রভাব খাটানোর বিষয়ে তাদেরও দায়িত্ব রয়েছে।”

২৪ এপ্রিল ঢাকার অদূরে সাভার বাজারের বাসস্ট্যান্ডে রানা প্লাজা ধসের ঘটনায় এপর্যন্ত অন্তত নয়শ মানুষের লাশ উদ্ধার করা হয়েছে, যাদের মধ্যে বেশির ভাগই নারী পোশাক শ্রমিক।

সুলিয়ানজিগা বলেন, “পোশাকের আন্তর্জাতিক সরবরাহ চেইনগুলো জটিলতর হচ্ছে এবং পদ্ধতিগত বিষয়গুলোকে অনুসরণ করা সহজ কাজ না হলেও বাধাগুলো মোকাবেলা করার জন্য প্রচেষ্টার মাত্রাও একই ধরণের হওয়া উচিত।”

বিশেষজ্ঞরা জানান, ওই ভবনে কর্মরত কারখানাগুলো অতীতে কয়েকবার নিরীক্ষা করা হয়েছে বলে জানানো হয়েছে। ভবনের কাঠামোগত সমস্যাসহ একসঙ্গে এই সমস্ত নিরীক্ষাগুলো হয় এড়িয়ে যাওয়া হয়েছে বা বাদ দেয়া হয়েছে।

তবে ওয়ার্কিং গ্রুপ জোর দিয়ে বলেছে যে, ব্যবসায়ীদের দ্বারা মানবাধিকার লঙ্ঘিত হলে তা রক্ষার দায়িত্ব সরকারের রয়েছে। কীভাবে ক্ষতিগ্রস্ত এসব কারখানাগুলো কাজ চালানোর অনুমতি পেল তা গভীরভাবে তদন্ত করে দায়ীদেরকে জবাবদিহিতার আওতায় আনা, ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ নিশ্চিত করা, শ্রমিকদের অধিকার রক্ষার উন্নয়নে সরকারকে অবশ্যই কঠোর পদক্ষেপ নিতে হবে।

সুলিয়ানজিগা বলেন, “শ্রমিকদের, অন্যান্য সংশ্লিষ্টদের এবং মানবাধিকার বিশেষজ্ঞদের সঙ্গে সরবরাহ চেইনে মানিবাধিকার ঝুঁকিসমূহ দূর করতে এবং এসব ঝুঁকি দূর করতে তারা কী পদক্ষেপ নিচ্ছে তা প্রকাশ করতে বাংলাদেশ থেকে পোশাক ক্রেতা আন্তর্জাতিক ব্রান্ডগুলোর প্রতি আমরা জোর আহ্বান জানাই।”

তিনি বাণিজ্য ও মানবাধিকার বিষয়ে জাতিসংঘ নির্দেশনা নীতিমালা বাস্তবায়ন করার জন্য আন্তর্জাতিক পোশাক খাতসংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।