চট্টগ্রামে বাসে আগুন দিয়েছে শিবিরকর্মীরা
জামায়াত নেতা কামারুজ্জামানের ফাঁসির রায় ঘোষণার পর চট্টগ্রামের শাহ আমানত সেতু এলাকায় বাসে আগুন দিয়েছে জামায়াত-শিবিরের কর্মীরা।
বৃহস্পতিবার বিকাল পৌনে পাঁচটার দিকে বাকলিয়া থানাধীন শাহ আমানত সেতুর কাছাকাছি স্থানে মোটরসাইকেলে করে কয়েকজন শিবিরকর্মী এসে একটি তিশা পরিবহনের একটি বাসে আগুন দেয় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
আগ্রাবাদ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক জসিম উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ফায়ার সার্ভিসের দুটি গাড়ি ঘটনাস্থলে গিয়ে চট্টগ্রাম-কক্সবাজার রুটের বাসটির আগুন নেভায়। আগুনে প্রায় পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে।
চট্টগ্রাম নগর পুলিশের সহকারী কমিশনার (কোতয়ালী জোন) মির্জা সায়েম মাহমুদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মোটরসাইকেলে করে কয়েকজন যুবক এসে শাহ আমানত সেতু এলাকায় দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দেয়।
এ সময় শিবিরকর্মীরা কয়েকটি ককটেলের বিস্ফোরণও ঘটালে ওই এলাকায় মানুষের মধ্যে আতংকের সৃষ্টি হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, শিবিরকর্মীরা ওই এলাকায় আরও কয়েকটি বাসে ইটপাটকেল নিক্ষেপ করে এবং ট্রাইব্যুনাল বিরোধী শ্লোগানও দেয়।
বাকলিয়া থানার ওসি এ এম ইকবাল জানান, ঘটনাস্থল থেকে ২ শিবিরকর্মীকে আটক করা হয়েছে।
পুলিশ কর্মকর্তা সায়েম জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।
১৯৭১ সালে সংঘটিত বাঙালি নিধনযজ্ঞে অংশ নেওয়ার দায়ে বৃহস্পতিবার জামায়াতে ইসলামী নেতা মোহাম্মদ কামারুজ্জামানকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করার আদেশ দিয়েছে আদালত।
