রং জাজমেন্ট: কামারুজ্জামান
যুদ্ধাপরাধের দায়ে ট্রাইব্যুনালের দেয়া মৃত্যুদণ্ডের রায়কে ‘ভুল বিচার’ বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ কামারুজ্জামান।
ট্রাইব্যুনালের প্রধান বিচারপতি ওবায়দুল হাসান জনাকীর্ণ আদালতে রায় ঘোষণার পরপরই কামারুজ্জামান উঠে দাঁড়িয়ে বলেন, “রং জাজমেন্ট, রং জাজমেন্ট। সবাইকে ইতিহাসের কাঠগড়ায় দাঁড়াতে হবে। ইতিহাস কাউকে ক্ষমা করবে না।”
সাদা শার্ট পরিহিত কামারুজ্জামানকে এ সময় কিছুটা বিমর্ষ দেখাচ্ছিল।
রায়ের পরে কামারুজ্জমানের বড় ছেলে হাসান ইকবাল বলেন, “মুক্তিযুদ্ধের সময় তিনি (কামারুজ্জামান) ছিলেন ১৮ বছরের তরুণ। ওই বয়সের একজন তরুণের পক্ষে বৃহত্তর ময়মনসিংহে যুদ্ধাপরাধে ‘সুপারিয়র রেসপন্সসিবল’ হওয়া অবিশ্বাস্য। ২০১০ সালের আগে তার নাম কোথাও ছিল না।”
অবশ্য এ আদালত থেকে কখনো ন্যায় বিচার প্রত্যাশা করেননি বলেও মন্তব্য করেন কামারুজ্জামানের ছেলে।
