ভোলা হাসপাতাল ২৫০ শয্যায় উন্নীত হবে
ভোলা সদর হাসপাতালকে ১০০ শয্যা থেকে ২৫০ শয্যায় উন্নীত করা হচ্ছে।
এ উপলক্ষে বৃহস্পতিবার হাসপাতাল ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী আ ফ ম রুহুল হক ও সাংসদ তোফায়েল আহমেদ।
সকালে হাসপাতাল চত্বরে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এ উপলক্ষে আয়োজিত সভায় স্বাস্থ্যমন্ত্রী বলেন, ভোলা সদর হাসপাতালকে ১০০ শয্যা থেকে ২৫০ শয্যার হাসপাতালে উন্নীতকরণের কার্যক্রম গ্রহণের মধ্য দিয়ে এ অঞ্চলের মানুষের প্রত্যাশার বাস্তবায়ন করছে সরকার।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের ৩৬ কোটি টাকা অর্থায়নে ভোলা গণপূর্ত বিভাগ ভোলা ২৫০ শয্যা হাসপাতালের ভবন নির্মাণ কাজ বাস্তবায়ন করবে।
ভোলার সিভিল সার্জন ডা. ফরিদ আহমদের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য দেন আওয়ামী লীগ উপদেষ্টামণ্ডলীর সদস্য সাংসদ তোফায়েল আহমেদ, সাংসদ নুরুন্নবী চৌধূরী শাওন, স্থাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব এমএম নিয়াজ উদ্দিন প্রমুখ।
