ট্রাইব্যুনাল হাজতে কামারুজ্জামান-কাসেম কোলাকুলি
যুদ্ধাপরাধের মামলায় রায়ের অপেক্ষায় থাকা জামায়াত নেতা মোহাম্মদ কামারুজ্জামানের সঙ্গে ট্রাইব্যুনালের হাজতখানায় দেখা হয়েছে একই অপরাধে গ্রেপ্তার দলটির আরেক নেতা মীর কাসেম আলীর।
বৃহস্পতিবার সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের হাজতে দেখা হয় এই দুই জামায়াত নেতার,একাত্তরে যারা ছিলেন পাকিস্তান সেনাবাহিনীর সহযোগী আল বদর বাহিনীর নেতা।
হাজতে দুজন নিজেদের মধ্যে কিছুক্ষণ কথা বলেন।হাজত থেকে বেরোনোর সময় মীর কাসেমের সঙ্গে কোলাকুলি করে টাইব্যুনালের এজলাসের উদ্দেশ্যে রওয়ানা হন কামারুজ্জামান।
যুদ্ধাপরাধের মামলায় রায় ঘোষণার আগের দিন বুধবার গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে ঢাকায় আনা হয় কামারুজ্জামানকে।
আর জামায়াতের নির্বাহী কমিটির সদস্য ও দিগন্ত মিডিয়া করপোরেশনের চেয়ারম্যান মীর কাসেমের বিরুদ্ধে ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের প্রক্রিয়া চলছে।
