বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৩ জনের মৃত্যু
বরিশাল নগরীতে পুকুরে বৈদ্যুতিক তার ছিঁড়ে পড়ে তিনজনের মৃত্যু হয়েছে। আহত হন একজন।
বৃহস্পতিবার সকাল নয়টার দিকে ৩০ নম্বর ওয়ার্ডে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
মৃতরা হলেন বরিশাল সিটি কর্পোরেশনের কর্মচারী সৈয়দ মিজানুর রহমান (৩৫) এবং স্থানীয় দেলোয়ার গাজী (৪০) ও আব্দুল মালেক ওরফে পুলিশ মালেক (৫০)।
আহত গনেশ বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
হতাহতরা সবাই ৩০ নং ওয়ার্ডের কাশিপুর কলাডেমা এলাকার বাসিন্দা।
নগরীর বিমানবন্দর থানার এসআই রফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কলাডেমা এলাকার রেইনট্রিতলায় একটি পুকুরে সকালে এরা মাছ ধরছিলেন।
হঠাৎ পুকুরের ওপর দিয়ে যাওয়া একটি বৈদ্যুতিক তার ছিঁড়ে পড়লে তারা গুরুতর আহত হন।
স্থানীয়রা তাদের উদ্ধার করে শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তিনজনকে মৃত ঘোষণা করেন।
