রায়ের অপেক্ষায় শাহবাগে জনতা
জামায়াত নেতা মো. কামারুজ্জামানের মামলায় রায় সামনে রেখে যুদ্ধাপরাধীর সর্বোচ্চ শাস্তির দাবিতে শাহবাগে আবারো বিক্ষোভ করছে ছাত্র-জনতা।
বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কামারুজ্জামানের মামলার রায়ের দিন ঘোষণার পরপরই শাহবাগ প্রজন্ম চত্বর আবার জেগে ওঠে। তখন থেকেই শুরু হয় শাহবাগে টানা অবস্থান।
যুদ্ধাপরাধীর সর্বোচ্চ শাস্তির দাবিতে বৃহস্পতিবার সকালে শাহবাগে জাতীয় যাদুঘরের সামনের সড়কে সমবেত হয় কয়েকশ’ মানুষ। একাত্তরের আল বদর নেতা কামারুজ্জামানের ফাঁসি এবং জামায়াত-শিবির নিষিদ্ধের দাবিতে বিভিন্ন স্লোগান দেয় তারা।
বিক্ষোভ-সমাবেশের কারণে শাহবাগ থেকে টিএসসিমুখী সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
গণজাগরণ মঞ্চের অন্যতম মুখপাত্র শাকিল আহমেদ অরণ্য বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী তারা গত রাত থেকে শাহবাগে অবস্থান করছেন। কাঙিক্ষত রায় না এলে আবারো রাস্তায় অবস্থান নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে।
তিন মাস আগে যুদ্ধাপরাধী আব্দুল কাদের মোল্লার যাবজ্জীবন কারাদণ্ডের রায় প্রত্যাখ্যান করে ফাঁসির দাবি নিয়ে শুরু হয় শাহবাগে অবস্থান।
মাঝে টানা অবস্থান না থাকলেও যুদ্ধাপরাধীর সর্বোচ্চ শাস্তি ও জামায়াত-শিবির নিষিদ্ধের দাবিতে বিভিন্ন কর্মসূচি পালন করে গণজাগরণ মঞ্চ। যুদ্ধাপরাধের যে কোনো রায় ঘোষণার আগের দিন থেকেই শাহবাগে ২৪ ঘণ্টার টানা অবস্থানে যাওয়ার ঘোষণাও আগেই ছিল তাদের।
