২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রায়ের দিনে কড়া নিরাপত্তায় হরতাল শুরু

মোহাম্মদ কামারুজ্জামানের যুদ্ধাপরাধের মামলার রায় ঘোষণার দিনে জামায়াত-বিএনপি জোটের দুই দিনের হরতালের দ্বিতীয় দিন শুরু হয়েছে কড়া নিরাপত্তার মধ্যে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 May 2013, 03:03 AM

Updated : 23 Aug 2022, 10:44 AM

পুলিশি অভিযানে হেফাজতে ইসলামের কর্মী হতাহতের প্রতিবাদে ১৮ দলীয় জোট বুধবার থেকে এ হরতাল করছে।

হরতালে বিশৃঙ্খলা এড়াতে বৃহস্পতিবার ভোর থেকেই রাজধানীর প্রতিটি সড়কে অবস্থান নেন বিপুল সংখ্যক পুলিশ ও র্যাব সদস্য। ট্রাইব্যুনাল এলাকাতেও আগের দিন থেকেই নেয়া হয় কঠোর নিরাপত্তা।

ছাত্রদল কর্মীরা সকালে রাজধানীর ফকিরাপুলে হরতালের সমর্থনে মিছিল বের করে। পরে পুলিশ ধাওয়া দিয়ে তাদের ছত্রভঙ্গ করে দেয় বলে পুলিশের মতিঝিল বিভাগের উপ কমিশনার শেখ নাজমুল আলম জানান।

তিনি জানান, সকাল সাড়ে ৬টার দিকে খিলগাঁও এলাকায় চার যুবককে আটক করা হয়। তাদের মোবাইল ফোনে বিভিন্ন স্থানে হামলা পরিকল্পনার এসএমএস পাওয়া যায়।

এ সময় একটি মোটরসাইকেলও আটক করা হয় বলে জানান তিনি।

এছাড়া হরতালের প্রথম দুই ঘণ্টায় রাজধানীতে বড় ধরনের কোনো গোলোযোগের খবর পাওয়া যায়নি। সকাল থেকেই রাজধানীতে রিকশা ও অটোরিকশা চলাচল করছে। সংখ্যায় কম হলেও রাস্তায় গণ পরিবহন চলতে দেখা গেছে।

হরতালের কারণে গাবতলী, মহাখালী ও সায়েদাবাদ থেকে অধিকাংশ দূর পাল্লার বাস চলাচল বন্ধ রয়েছে। তবে রেল ও লঞ্চ চলাচল স্বাভাবিক বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

সকাল ১০টার পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ কামারুজ্জামানের যুদ্ধাপরাধের মামলার রায় ঘোষণা কথা রয়েছে।

ট্রাইব্যুনালের এর আগের রায়ের দিনগুলোতেও হরতাল করে জামায়াত। সর্বশেষ ২৮ এপ্রিল দেলাওয়ার হোসাইন সাঈদীর ফাঁসির রায়ের পর দেশজুড়ে তাণ্ডব চালায় তারা, যাতে ৭০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়।

পুলিশের রমনা জোনের সহকারী কমিশনার (পেট্রোল) ইমানুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর  ডটকমকে বলেন, ট্রাইব্যুনাল এলাকার নিরাপত্তায় সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে। দোয়েল চত্বর, কদম ফোয়ারা, সরকারি কর্মজীবী হাসপাতাল মোড়ে বেরিকেড দিয়ে যান চলাচল নিয়ন্ত্রিত করা হয়েছে।

চলতি বছরের এসএসসি পরীক্ষার ফলও এদিনই ঘোষণা করা হবে।