১০ ট্রাক মামলা: তদন্ত কর্মকর্তা মনিরুজ্জামানকে জেরা চলছে
দশ ট্রাক অস্ত্র মামলার পঞ্চম তদন্ত কর্মকর্তা মনিরুজ্জামান চৌধুরীকে দ্বিতীয় দিনের মত জেরা করেছেন আসামি পক্ষের আইনজীবী।
মঙ্গলবার চট্টগ্রামের বিশেষ ট্রাইবুন্যাল-১ এর বিচারক এসএম মজিবুর রহমানের আদালতে তাকে জেরা করেন আসামি হাফিজুর রহমান ও সিইউএফএলের সাবেক ব্যবস্থাপক (প্রশাসন) কে এম এনামুল হকের আইনজীবী মাহমুদুর রহমান।
আদালত জেরা অসমাপ্ত রেখেই আগামী ১৫ মে শুনানির তারিখ নির্ধারণ করে।
দ্বিতীয় দিনের জেরার শুরুতে মনিরুজ্জামান আদালতে বলেন, অধিকতর তদন্তকালে ১৬১ ধারায় এই মামলার প্রথম তদন্ত কর্মকর্তা আহাদুর রহমানের তিনবার জবানবন্দি নেন তিনি।
তিনি আরো বলেন, তদন্তকালে আহাদুর রহমান ১১ জন সাক্ষীর জবানবন্দি নেন।
ওই ১১ সাক্ষীর মধ্যে পরবর্তী সময়ে হাবিলদার গোলাম রসুল, সার্জেন্ট আলাউদ্দিন ও সার্জেন্ট হেলাল উদ্দিন আদালতে স্বেচ্ছায় ১৬৪ ধারায় জবানবন্দি দেন, বলেন তিনি।
এরপর জেরায় আসামি পক্ষের আইনজীবী মনিরুজ্জামানের কাছে অন্য তিন তদন্তকারী কর্মকর্তার তদন্তের সময়কাল, সাক্ষীদের জিজ্ঞাসাবাদ ও ১৬৪ ধারায় জবানবন্দি দেওয়া সাক্ষীদের সংখ্যা ও নাম জানতে চান।
