খুলনায় ট্রেনে কাটা পড়ে নিহত ২
খুলনায় রেল লাইন পাড় হওয়ার সময় ট্রেনে কাটা পড়ে স্থানীয় দুই মডেল নিহত হয়েছেন। গুরুতর আহত হন একজন।
সোমবার রাতে নগরীর মুজগুন্নী এলাকায় এ দুর্ঘটনায় নিহতরা হলেন নগরীর সোনাডাঙ্গার বাসিন্দা জ্যাকি (২৪) এবং বয়রা এলাকার নাহিদ (২৫)।
এরা স্থানীয় একটি মডেলিং প্রতিষ্ঠানে কাজ করতেন বলে পুলিশ জানিয়েছে।
গুরুতর আহত তাদের আরেক সঙ্গী সুমনকে (২৩) খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
খালিশপুর থানার ওসি সুকুমার বিশ্বাস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাতে সাড়ে ১১টার দিকে দুটি মোটরসাইকেলে করে তিনজন মডেল মুজগুন্নীর ভিতর দিয়ে খুলনা-যশোর মহাসড়কে ওঠার আগে রেল লাইন অতিক্রম করছিলেন।
ওই সময় গোয়ালন্দ মেইল নামে একটি ট্রেন দ্রুতগতিতে খুলনার দিকে যাচ্ছিল।
মোটরসাইকেল দুটি নিয়ে তারা দ্রুত পার হওয়ার চেষ্টা করেও ব্যর্থ হন। ঘটনাস্থলেই মারা যান জ্যাকি ও নাহিদ।
হতাহতরা সবাই মডেলিং পেশায় জড়িত। ময়লাপোতায় ডালমিল পুলিশ ফাঁড়ির পাশে লাকী এঞ্জেল নামে একটি মডেলিং প্রতিষ্ঠানে তারা কাজ করতেন। এর মধ্যে জ্যাকি ছিলেন ওই প্রতিষ্ঠানের পরিচালক।
