মাদারীপুরে পিটুনিতে ‘ডাকাত’ নিহত
মাদারীপুরের রাজৈর উপজেলায় ডাকাত সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করেছে জনতা।
রোববার গভীর রাতে মালোপাড়ায় এ ঘটনায় নিহত মাওলা আকন (৩৬) ডাকাত সর্দার বলে পুলিশ জানিয়েছে।
মাওলা আকন পশ্চিম রাজৈরের দক্ষিণপাড়া গ্রামের প্রয়াত এলাজদ্দিন আকনের ছেলে।
এর আগে স্থানীয় রবীন্দ্রনাথ মালোর ঘরে ডাকাতি হয়। ওই সময় ডাকাতের ধারালো অস্ত্রের কোপে এক সেনা সদস্যসহ তিনজন আহত হন।
আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এলাকাবাসীর বরাত দিয়ে রাজৈর থানার ওসি মো. মোফাজ্জেল হোসেন বলেন, রাত ৩টার দিকে ৮/১০ জন ডাকাত রবীন্দ্রনাথ মালোর ঘরের ঘরে ঢোকে দরজা ভেঙে।
তাদের বাধা দিলে রবীন্দ্র মালোর ছেলে সেনাসদস্য অঞ্জন কুমার মালোসহ অমৃত মালো ও চন্দন কুমার মালোকে কুপিয়ে গুরুতর আহত করে।
এ সময় লোকজনের চিৎকারে এলাকাবাসী এগিয়ে এলে ডাকাতরা পালানোর চেষ্টা করে। সবাই পালিয়ে গেলেও ডাকাত সর্দার মাওলা আকনকে পিটুনি দেয়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
মাওলার বিরুদ্ধে রাজৈর থানাসহ বিভিন্ন থানায় একাধিক ডাকাতি মামলা রয়েছে।
লাশ ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
