২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় হেফাজত আমির, শন্তিপূর্ণ কর্মসূচির আহ্বান

অবরোধ কর্মসূচিতে নেতৃত্ব দিতে ঢাকা পৌঁছেছেন হেফাজতে ইসলামের আমির শাহ আহমদ শফী। কর্মীদের প্রতি শান্তিপূর্ণ অবস্থানের আহ্বান জানিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 May 2013, 03:04 PM

Updated : 23 Aug 2022, 10:41 AM

Image
মতিঝিলে সমাবেশে আল্লামা আহমদ শফী।

মতিঝিলে সমাবেশে আল্লামা আহমদ শফী।

শুক্রবার সন্ধ্যায় তিনি ঢাকায় পৌঁছান বলে জানিয়েছেন সংগঠনের প্রচার সচিব মাওলানা মুনীর আহমদ। 

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, তের দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে হেফাজতের রোববারের ঢাকা অবরোধ কর্মসূচি সফল করতে ‘বড় হুজুর’ শুক্রবার জুম্মার নামাজের পর ঢাকার উদ্দেশ্যে রওনা দেন। সন্ধ্যায় ঢাকা পৌঁছান। সাথে মহাসচিব জুনায়েদ বাবুনগরীও রয়েছেন।

এদিকে আল্লামা আহমদ শফী এক বিবৃতিতে সবাইকে চিড়া-মুড়ি, শুকনো খাবার, জায়নামাজ ও তসবিহ নিয়ে শান্তিপূর্ণ কর্মসূচি সফল করার আহ্বান জানিয়েছেন। 

বিবৃতিতে তিনি বলেন, সরকারের মন্ত্রী এমপি ও ও ক্ষমতাসীন দলের নেতাদের প্রতি উস্কানিমূলক বক্তব্য পরিহার করে গণআকাঙ্ক্ষা পূরণে সর্বোচ্চ মনোযোগী হোন।

তিনি বলেন, গত ৬ এপ্রিল ঢাকায় লংমার্চ ও মহাসমাবেশে লাখ লাখ জনতার অংশগ্রহণ এবং এক মাসে দেশব্যাপী অর্ধশতাধিক শানে রেসালাত সম্মেলনে ব্যাপক জনসমাগমের মাধ্যমে সরকারের কাছে এই বার্তা দিয়েছি ১৩ দফা দাবি এদেশের গণমানুষের দাবি।

কিন্তু সরকার কোটি কোটি তৌহিদী জনতার এই দাবি পূরণে ন্যুনতম পদক্ষেপ তো নেয়নি, বরং সরকারের কোন কোন মন্ত্রী-এমপির কাছ থেকে উস্কানিমূলক বক্তব্যও দেয়া হচ্ছে।

হেফাজতে ইসলাম জানিয়েছে, ঢাকার আশেপাশে ছয় পয়েন্টে তারা অবস্থান নেবে।

সংগঠনের কেন্দ্রীয় প্রচার সচিব মাওলানা মুনীর আহমদ জানান, যাত্রাবাড়ি থেকে কাঁচপুর সেতু, যাত্রাবাড়ি থেকে ডেমরা সেতু, পোস্তাগোলা বুড়িগঙ্গা সেতু, পুরান ঢাকার বাবুবাজার সেতু, আব্দুল্লাহপুর-টঙ্গী ব্রিজ এবং আমিনবাজারের বলিয়ারপুরে অবরোধ কর্মসূচি চলবে।