রানা প্লাজার প্রকৌশলী রাজ্জাক রিমান্ডে
মে ০৩- সাভারের রানা প্লাজার নির্মাণে তদারকির দায়িত্বে থাকা প্রকৌশলী আব্দুর রাজ্জাককে জিজ্ঞাসাবাদের জন্য চার দিনের পুলিশ হেফাজতে পাঠিয়েছে আদালত।
শুক্রবার ঢাকার জ্যেষ্ঠ বিচারিক হাকিম তৈয়েবুল হাসান তাকে রিমান্ডে নেয়ার আদেশ দেন বলে এই আদালতের অতিরিক্ত পিপি আনোয়ারুল কবির বাবুল জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন,ঢাকা জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক শাহীন শাহ পারভেজ প্রকৌশলী রাজ্জাকের সাত দিনের রিমান্ড চাইলে বিচারক চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।
বৃহস্পতিবার দুপুরে সাভারের শিমুলিয়া এলাকা থেকে রাজ্জাককে গ্রেপ্তার করে পুলিশ। এ ঘটনায় তার আগে সাভার পৌরসভার নির্বাহী প্রকৌশলী ইমতেমাম হোসেন ও সহকারী প্রকৌশলী আলম মিয়াকে গ্রেপ্তার করা হয়।
প্রকৌশলী রাজ্জাক রানা প্লাজার নকশা প্রণয়নসহ নির্মাণ কাজ তদারকির দায়িত্বে ছিলেন বলে পুলিশ জানিয়েছে।
ধসের ঘটনায় দায়ের করা মামলার তদন্ত কর্মকর্তা শাহীন শাহ জানান,নয় তলা রানা প্লাজা ধসে পড়ার আগে সেখানে ১০ তলার যে নির্মাণ কাজ চলছিলো তাও তদারক করছিলেন রাজ্জাক।
গত ২৪ এপ্রিল ধসে পড়া রানা প্লাজার ধ্বংসস্তূপে উদ্ধার অভিযান এখনো চলছে। এতে পাঁচ শতাধিক মানুষ নিহত হয়েছে, যাদের অধিকাংশই পোশাক শ্রমিক।
জলাশয় ভরাট করে তৈরি নয়তলা রানা প্লাজার নির্মাণে ত্রুটি ছিল বলে অভিযোগ রয়েছে।
